কিছুদিন আগেই মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল ধানুশকে। কিন্তু সেখানে তাকে দেখে চেনার উপায় ছিল না। একমাথা ঝাঁকড়া চুল, মুখভর্তি দাড়ি। বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছিলেন এ দক্ষিণী তারকা। অনেকেরই তাকে দেখে রামদেব বাবা বলে ভ্রম হয়। তবে এ বার যেন ৩৬০ ডিগ্রি ভোলবদল করে ফেলেলন অভিনেতা।
সপ্তাহের শুরুতেই দুই ছেলে যাত্রা-লিঙ্গা ও বাবা-মাকে নিয়ে তিরুপতি যান ধানুশ। মন্দিরে ঢোকার সময় এক রকম ভাবে দেখা গেলেও, মন্দির থেকে বেরোনোর সময় ন্যাড়া মাথায় দেখা গেল অভিনেতাকে। হঠাৎ অভিনেতা নিজের চুল কামিয়ে ফেললেন কেন?
দক্ষিণী পরিচালক অরুণ মাথেশ্বরণের পরিচালনায় ‘ক্যাপ্টেন মিলার’ ছবিতে অভিনয় করছেন ধানুশ। অনেক দিন ধরেই চলছে এই ছবি নিয়ে জল্পনা। ছবির চরিত্রের জন্যই চুল ও দাড়ি বাড়িয়েছিলেন ধানুশ। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যেতে চলেছে তাকে। বাবা ও ছেলে— দুই ভূমিকায় দেখা যাবে তাকে।
এর মাঝেই হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক অভিনেতার অনুরাগীরা। কেউ বলেছেন, ‘নিশ্চয়ই ভেঙ্কটেশ্বরকে চুল নিবেদন করেছেন।’ কারও মতে ‘ধানুশকে নিশ্চয়ই তার আগামী ছবি ‘ডি ৫০’-এ এই লুকে দেখা যাবে।’
ধানুশের মাথা মুড়িয়ে ফেলা নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। তবে এ বিষয়ে অভিনেতা নিজে কোনও মন্তব্য করেননি।
