ফ্রান্সে গুগলকে ২২ লাখ ডলার জরিমানা

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:২৬ পিএম

সার্চ ইঞ্জিন ও অ্যাপ স্টোরে অনুসন্ধানের অসম্পূর্ণ ফলাফল থাকায় মার্কিন প্রযুক্তি সংস্থা গুগলকে ২০ লাখ ইউরো বা ২২ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে ফ্রান্স।

মঙ্গলবার (০৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে আরও বলা হয়, কম্পিটিশন, কনজিউমার এবং অ্যান্টি-ফ্রড অফিসের মতে গুগলের সার্চ ইঞ্জিনে অনুসন্ধানের ফলাফলের র‌্যাংকিংয়ে মানদণ্ড সম্পর্কিত তথ্যের অভাব রয়েছে।

বিশেষ করে আবাসনের ক্ষেত্রে অর্থ প্রদানের তথ্য এবং বিরোধ নিষ্পত্তি পদ্ধতি সম্পর্কে রয়েছে তথ্যের ঘাটতি। পাশাপাশি গুগল প্লে স্টোর গ্রাহকদের তাদের অ্যাপের রিভিউ স্টোরে প্রকাশ করার অনুমতি দেয়নি।

এ বিষয়ে গুগলের এক মুখপাত্র বলেন, সংস্থাটি পরিবর্তনের বিষয়গুলো বিবেচনায় নেয়নি বলে দুঃখ প্রকাশ করেছে। আমাদের পরিষেবা কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা ব্যবহারকারীদের সাথে স্বচ্ছ ছিলাম। তারপরেও সংস্থাটি ফ্রান্সসহ ইউরোপীয় কর্তৃপক্ষের সঙ্গে ‘গঠনমূলকভাবে’ কাজ করতে চায়।

তবে ফ্রান্সে গুগুলকে জরিমানা করার ঘটনা এটি প্রথম নয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সার্চ ইঞ্জিনে বিভ্রান্তিকর হোটেল র‌্যাঙ্কিং দেওয়ায় সংস্থাটিকে ১১ লাখ ইউরো জরিমানা করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত