শেখ হাসিনা দেশপ্রেমিক সরকার: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:৪৭ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সামষ্টিক অগ্রগতি, সামষ্টিক শক্তি, এলাকা ও দেশের উন্নয়নের জন্য সঠিক দেশপ্রেমিক সরকার দরকার। আর এই দেশপ্রেমিক সরকার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ জুলাই) দিনাজপুরের বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে সেতাবগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেবা কী জিনিস বাংলাদেশের মানুষ তা ভুলে গিয়েছিল। রাষ্ট্র জনগণকে সেবা দিবে, রাষ্ট্র জনগনের সেবায় নিয়োজিত থাকবে এবং রাষ্ট্রের যে সরকার পরিচালনা হবে সেই সরকারের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। ৭৫ এর ১৫ ই আগস্ট এর পর সেটি আমরা দেখিনি। আমরা দেখেছি, ক্ষমতা কুক্ষিগত করা, ক্ষমতায় থাকা, ক্ষমতার বাহাদুরি করা এবং ব্যক্তি গোষ্ঠীর একটা উন্নয়ন আমরা দেখেছি। সাধারণ মানুষের উন্নয়ন দেখিনি। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনের পরও যারা বলে আমরা কি পেলাম- তারা কখনোই এই দেশকেই চাইনি।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মো. আফছার আলী, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সেতাবগঞ্জ পৌরসভার ২৬তম উন্মুক্ত বাজেটে প্রায় ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত