প্রেমের গুঞ্জনে মাহির স্বীকারোক্তি

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১২:১৫ এএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি প্রেম করছেন- এমন ইঙ্গিত আগেও দিয়েছেন। তবে সেখানে ঝাপসা একটা বিষয় ছিল, তবে এবার সেটা পরিষ্কার হলো- অন্তত নেটিজেনরা এমনটাই বলছিলেন। সামিরা খান মাহি সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে এক তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে রয়েছেন। তারপর ধীরে ধীরে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দি করেন। তরুণ গাড়ি চালাচ্ছিলেন। অভিনেত্রী মেঘলা মুক্তার অভিনন্দনের জবাব ভালোবাসার ইমোজি দিয়ে দিয়েছেন মাহি। এটাই মূলত সম্পর্কের স্বীকারোক্তি। অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন ফাইনালি গুড নিউজ। এমন অজস্র অভিনন্দন মাহির ওই ভিডিও এবং ছবির ঘরে। জানা গেছে, মাহির প্রেমিকের নাম শাফি নাবিল। এর আগেও নাবিলের সঙ্গে ছবি দিয়েছিলেন সামিরা খান মাহি। সেসব ছবিতে ইঙ্গিত থাকলেও সেই ঝাপসাই ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ফ্রেন্ডের সঙ্গে কিছু ছবি ও ভিডিও শেয়ার করে সম্পর্কের কথা জানালেন, দুই পরিবারের সবার সম্মতিতে বিষয়টি সামনে এনেছেন তিনি। মাহি জানান, তিন বছর ধরে বন্ধুত্ব, এরপর সম্পর্কটা প্রেমে গড়ায়। মাহি আরও বলেন, ‘শাফি আমার ভীষণ ভালো একজন বন্ধু। একটা সময় আমার ভালোবাসার সম্পর্কে জড়াই। বিষয়টি আমাদের দুই পরিবার কিছুদিন আগ পর্যন্তও জানত না। এর মধ্যে তারাও জেনেছে। তাই সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে এনেছি।’

জানা যায়, মাহির বয়ফ্রেন্ড সাদাত শাফি নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। কথায় কথায় মাহি জানালেন, ঈদের দিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এই সময়টায় শাফি তার পাশে থেকে যাবতীয় সেবাশুশ্রƒষা করেছেন। মাহি বললেন, ‘আমরা তিন ভাইবোন। মা-বাবা দুজন সিলেটে থাকেন। আমরা তিন ভাইবোন আগে ঢাকায় থাকতাম। ওরা দুজন পড়াশোনা করতে ইউকে আর ইউএসএতে চলে গেছে। এই সময়টায় শাফি আমার পাশে থেকেছে। অসুস্থ হয়ে হাসপাতালে থাকার সময়টায়ও আমার টেককেয়ার করেছে। এর মধ্যে সম্পর্কের বিষয়টা দুই পরিবারকে জানানো হয়।’

র‍্যাম্প থেকে অভিনয়ে এসে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সামিরা খান মাহি। অভিনয় করেছেন ৩০টিরও বেশি নাটকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত