মুগদায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৭:০৭ এএম

রাজধানীর মুগদায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে তার পরিবার। গতকাল বুধবার দুপুরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আহসানুল্লাহ জানান, শিশুটির পরিবার থাকে মুগদা এলাকায়। একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে শিশুটি। গত মঙ্গলবার রাত ১টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। তার অভিযোগ, গত ১ জুলাই দুপুরে তারা স্বামী-স্ত্রী যখন কাজের জন্য বাইরে ছিলেন তখন বাসায় একা থাকা শিশুটিকে পাশের বাসার ভাড়াটিয়া রিকশাচালক টিটো মিয়া (৪৩) ডেকে তার রুমে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার শিশুটি তার এক বান্ধবীর কাছে ঘটনাটি বলে। তখন বান্ধবী ধর্ষণের শিকার শিশুটির মায়ের কাছে ঘটনাটি বললে রাতেই মামলা করা হয়। তিনি আরও জানান, অভিযুক্ত টিটো মিয়া পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটি ঢামেকের ওসিসিতে ভর্তি আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত