কৃষিজমির গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম

কুমিল্লা সদর দক্ষিণে কৃষিজমির গর্তের পানিতে ডুবে ফাহিম ও বিল্লাল নামে ৭ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ষাট কলোনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম বিজয়পুর ইউনিয়নের ষাট কলোনী গ্রামের সিএনজি চালক মনিরের ছেলে। আর বিল্লাল একই গ্রামের কৃষক রৌশন মিয়ার ছেলে। দুই শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পরে গ্রামের মানুষজন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ষাট কলোনী এলাকার জমিগুলো থেকে মাটি ব্যবসায়ীরা অবৈধভাবে মাটি কাটার ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়। বর্ষার সময় গর্তগুলোতে পানি জমে খালের মতো হয়ে থাকে। এলাকার মানুষদের ভয়ভীতি দেখিয়ে জমিগুলোতে ফসল করতে বাঁধা দেয় প্রভাবশালীরা। মাটি ব্যবসায়ীরা জোর করে মাটি উত্তোলন করে সদর দক্ষিণের বিজয়পুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি বিক্রি করেন। এই মাটি জমি থেকে নেওয়ার ফলে জমিগুলো বর্ষার পানিতে জলাশয় হয়ে যায়। আর এই জলাশয়ে ডুবে ফাহিম ও বিল্লালের মৃত্যু হয়।

ওই এলাকার ইউপি সদস্য যুবরাজ বলেন, আমি মনে করি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যারা এই ফসলি জমি কেটে আজ জলাশয় বানিয়েছে, এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।

মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, মাটি ব্যবসায়ীরা মাটি নিয়ে লাভবান হয়েছে। অথচ তাদের কারণে দুটি শিশু অকালে ঝড়ে গেল। এই গর্তগুলো আবার পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেওয়া হোক।

বিজয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারভেজ জানান, শিশু দুটির দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল। বাড়ির পাশের জমি থেকে কিছু অসাধু মাটি ব্যবসায়ী তাদের ব্রিকফিল্ডে মাটি নেওয়াই ওই জমি গর্ত হয়ে যায়। কিছুদিন আগেও প্রশাসনিকভাবে বলা হয়েছিল এগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু ভরাট না হওয়াই এখানে পানি জমে যায়। এই জমি যদি ভরাট করা থাকতো তাহলে ভবিষ্যৎ প্রজন্মের এই দুটি শিশু অকালে প্রাণ হারাতো না। পরিবার দুটি খুবই গরিব। আমি বলব একটু সতর্কতার সাথে সকলে চলাচল করবেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত