সালমানের নতুন সিদ্ধান্ত

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:৪৬ পিএম

শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পরের ছবি পরিচালনা করবেন সুজয় ঘোষ। ছবিতে শাহরুখকন্যা সুহানা খানকে দেখা যাবে। এতে শাহরুখ নিজেও অভিনয় করবেন। কেবল এটিই নয়, ছেলে আরিয়ান খানের প্রজেক্টও প্রযোজনা করবেন শাহরুখ। শোনা যাচ্ছে, ছবিটিতে তিনি অতিথি চরিত্রে অভিনয়ও করবেন। নিজের পুত্র-কন্যাকে বলিউডে জায়গা করে দিতে শাহরুখ যখন হাত বাড়িয়ে দিয়েছেন, সালমান খান তখন নিয়েছেন উল্টো সিদ্ধান্ত। এক সময় ভাই আরবাজ খান প্রযোজিত সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। আবার ছোট বোনের স্বামী আয়ুষ শর্মাকে বলিউডে প্রতিষ্ঠিত করতে তার সঙ্গেও ছবি করেছেন সালমান। কিন্তু সিনেমার ব্যর্থতায় টনক নড়েছে তার। সিদ্ধান্ত নিয়েছেন আত্মীয়দের সঙ্গে আর কোনো সিনেমা করবেন না, অনুরোধে ঢেঁকিও গিলবেন না। চিত্রনাট্য পছন্দ হলেই কেবল সিনেমা করবেন। বছর কয়েক আগে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ‘ইনশাআল্লাহ’ নামের একটি সিনেমা করার কথা ছিল সালমানের। ছবিতে তার নায়িকা হওয়ার কথা ছিল আলিয়া ভাটের। কিন্তু শুটিং শুরুর কিছুদিন আগে ছবিটি স্থগিত করা হয়। তখন ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, পরিচালকের সঙ্গে সৃজনশীল মতবিরোধের কারণে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন সালমান। নতুন খবর, আবারও বানসালির সঙ্গে ‘ইনশাআল্লাহ’ করবেন সালমান। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘সালমান এর মধ্যেই বানসালির সঙ্গে যোগাযোগ করেছেন। ‘ইনশাআল্লাহ’ দুর্দান্ত গল্পের প্রেমের ছবি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি এ ধরনের সিনেমা করতে চান।’ সালমানকে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। স্পাই-অ্যাকশনধর্মী এ ছবিতে তার নায়িকা ক্যাটরিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত