আর শুধু এক বছর নয়, এখন এক থেকে পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যুর কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর গতকাল থেকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে দুই সপ্তাহব্যাপী (৬-২০ জুলাই) চলমান ট্রেড লাইসেন্স সেবা বুথে ‘ট্রেড লাইসেন্স ইস্যু’ চলছে।
ডিএসসিসি মেয়র বলেন, ‘ব্যবসা সহজীকরণের একটি বড় দাবি ছিল ব্যবসায়ী সমাজের। বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) প্রত্যেক বছর নবায়ন করতে হয়। বিষয়টি তাদের (ব্যবসায়ীদের) অনেক সময় মনে থাকে না। অথবা দেখা যায় বছরের শেষ প্রান্তে এসে করতে হয়। সেসব বিষয়কে সহজীকরণ করার জন্য আইন অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে আমরা প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম আজ (গতকাল) থেকে শুরু হলো। এখন থেকে যেকোনো ব্যবসায়ী বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) নেওয়ার পরে এক বছর, দুই বছর, তিন বছর বা চার বছর অথবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত নবায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।’
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার বলেন, ‘আজ (বৃহস্পতিবার) যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো তা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যকার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই এমওইউ স্বাক্ষরের মাধ্যমে এখানে স্থাপিত বুথটি একটি “ওয়ান স্টপ সার্ভিস” পয়েন্ট হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের একটি অনন্য উদাহরণ এবং এর মাধ্যমে ব্যবসা সহজীকরণ প্রচেষ্টা শক্তিশালী হলো।’
অনুষ্ঠানে বলা হয়, ডিসিসিআইয়ের যেকোনো সদস্য প্রাতিষ্ঠানিকভাবে ডিসিসিআই ভবনে স্থাপিত দক্ষিণ সিটির বুথ থেকে আজ (বৃহস্পতিবার) থেকে পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের এ সুবিধা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া করপোরেশনের আওতাধীন যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজ নিজ অঞ্চল থেকেও একই দিন থেকেই এই সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে ডিসিসিআইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং ডিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল আনসারুল আরিফিন নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও ডিসিসিআইয়ের বোর্ড অব ডাইরেক্টরস প্রমুখ।
