ভারতের মধ্যপ্রদেশ

যুবকের পা ধুয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৫:৫১ এএম

ভারতের মধ্যপ্রদেশে উপজাতি এক যুবকের মুখে বিজেপির এক স্থানীয় নেতার প্রস্রাবের ঘটনায় ক্ষমা চেয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তার বাসভবনে ডেকে পা ধুয়ে দিয়ে দশমত রাভাত নামের ওই যুবকের কাছে ক্ষমা চান। ওই যুবককে নিজের বন্ধু বলেও উল্লেখ করেছেন শিবরাজ সিং চৌহান।

গতকাল এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রাজ্যের কারাউন্ডি গ্রামের ৩৬ বছর বয়সী যুবক দশমত রাভাতে তার পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তার একটি ভিডিও ও বেশ কিছু ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করেছেন শিবরাজ সিং চৌহান।

এনডিটিভি বলছে, কথোপকথনের সময় দশমত রাভাতকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী চৌহান। যার মধ্যে তিনি কীভাবে জীবিকা অর্জন করেন এবং তিনি ও তার পরিবার সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না এসব প্রশ্নও রয়েছে। একপর্যায়ে মুখ্যমন্ত্রী তাকে বলেন, ‘দশমত, এখন থেকে তুমি আমার বন্ধু।’

সংবাদমাধ্যমটি বলছে, এছাড়া চৌহানও টুইটারে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘দশমতজি, এটি আপনার দুঃখের ভাগ নেওয়ার একটি প্রচেষ্টা। আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার কাছে জনগণই হচ্ছে ঈশ্বর।’

এর আগে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, রাস্তায় বসে থাকা এক উপজাতি যুবকের মুখের ওপর প্রস্রাব করছেন প্রভাস শুক্লা নামের এক যুবক। এই সময় তাকে সিগারেট ফুঁকতেও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়। একইসঙ্গে ওই যুবককে কঠোর শাস্তি দেওয়ার দাবিও উঠতে থাকে। এরপর অভিযুক্ত প্রভাস শুক্লাকে কঠোর জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়।

এনডিটিভি বলছে, উপজাতি যুবকের মুখে প্রস্রাব করে দেওয়ার ভিডিওটি মধ্যপ্রদেশ রাজ্যে রাজনৈতিক দ্বন্দ্ব উসকে দিয়েছে। চলতি বছরের শেষের দিকে রাজ্যটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর অভিযুক্ত শুক্লা রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।

রাজ্যের ক্ষমতাসীন এই দলটিকে উপজাতিদের সুরক্ষাসহ তাদের অধিকার রক্ষা না করার অভিযোগ করেছে কংগ্রেস। রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথ বলেন, একজন উপজাতি যুবকের মুখে প্রস্রাব করার যে দৃশ্য সামনে এসেছে তা কোনো সভ্য সমাজে হতে পারে না। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে বিজেপির অধীনে উপজাতিরাও নিরাপদ নন। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত