বিবৃতিতে কাদের

আগামী নির্বাচন ভোটারশূন্য করতে তৎপর বিএনপি

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৫:৫৩ এএম

নির্বাচনবিরোধী অবস্থান থেকে নির্বাচন ভোটারশূন্য করতে বিএনপি নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়। জনসমর্থনহীনতার ভীতি থেকে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও অযৌক্তিক অপপ্রচার চালাচ্ছে বিএনপি।’

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিএনপি ও তাদের জোটে থাকা রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করলেও এসব নির্বাচনে ৫০ শতাংশের ওপর ভোটাররা ভোট দিয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলার জনগণ বিএনপিকে বিশ্বাস করে না। দলটির কোনো চক্রান্তই সফল হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশেই নির্বাচন হবে। জনগণের রায়েই সরকার পরিবর্তন হবে।’

বিএনপির সময় নির্বাচন কমিশনের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার কোনো সুযোগ ছিল না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ওই সময় নির্বাচন কমিশন ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের বিশেষ কোনো সক্ষমতাই ছিল না। শেখ হাসিনা নির্বাচন কমিশনকে সাংবিধানিক বিধান অনুযায়ী একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করেছেন। বিশেষত সাংবিধানিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করতে নির্বাচন কশিমন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করেছেন।

ওবায়দুল কাদের দাবি করেন, ‘দলীয় ও বিতর্কিত লোকদের নিয়োগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছিল বিএনপি। তাদের সময় কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়নি। ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় তারা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতা দখল করে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করার পাশাপাশি রাষ্ট্রব্যবস্থা অকার্যকর করেছিল।’

তিনি দাবি করেন, ‘বিএনপি ক্ষমতায় এলে সেই ধ্বংসাত্মক রাজনীতির পুনরাবৃত্তি ঘটাবে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি ঐতিহ্যগতভাবে তাদের কোনো আস্থা নেই। অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সব ধরনের সক্ষমতা বৃদ্ধি করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত