পাবলিক বিশ্ববিদ্যালয়

‘একক’ ভর্তি পরীক্ষা নিতে ১৫ সদস্যের কমিটি

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৫:৫৭ এএম

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘একক’ ভর্তি পরীক্ষা নিতে ১৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই কমিটি ‘একক’ ভর্তি পরীক্ষার রূপরেখা প্রণয়ন করবে। কমিটি গঠনের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্যকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্যকে রাখা হয়েছে।

এছাড়া ইউজিসির প্রশাসন বিভাগের একজন সদস্য এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ (এসপিকিউএ) থেকে একজন করে সদস্য রাখা হয়েছে। কমিটির সদস্য সচিব ইউজিসি সচিব।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তিন বছর আগে গুচ্ছ ভর্তি চালু করা হয়েছে। গুচ্ছের সফলতা না আসায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ‘একক’ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত