সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ ইসলাম ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মিরপুরে এসব কর্মসূচি পালিত হয়। এর মধ্যে মিরপুরে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াতে ইসলামী। অন্যদিকে ‘সম্মিলিত ইসলামী দলসমূহের’ ব্যানারে বিক্ষোভ হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায়।
এক দশক পর প্রকাশ্যে রাজনীতিতে ফেরা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলটি মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকা থেকে শুরু হয়ে দারুস সালাম থানার টেকনিক্যাল এলাকায় গিয়ে শেষ হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এ কর্মসূচির আয়োজন করে। মিছিল শুরুর আগে মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
তিনি বলেন, ‘সুইডেনের রাজধানী স্টকহোমে বর্ণবাদী দুর্বৃত্তরা পবিত্র কোরআনুল কারিমে অগ্নিসংযোগের মাধ্যমে বিশ্ব মুসলিমের ইমান-আকিদা ও বোধ-বিশ্বাসে আঘাত হেনে ধৃষ্টতা প্রদর্শনের মাধ্যমে অপকর্ম করেছে। বিশ্বমানবতার মুক্তির সনদ হলো মহাগ্রন্থ আল কোরআন। তাই এ মহাগ্রন্থ আল কোরআনের যেকোনো ধরনের অবমাননা বিশ্ব মুসলিম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না, বরং মুসলিম উম্মাহ এ ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলবে।’
