লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকায় রফিকুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
গত শুক্রবার রাতে নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে আদিতমারী থানায় মামলা করেন। রফিকুল ইসলাম ওরফে টেরে দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দীঘলটারি এলাকার চওড়াটারি এলাকার হায়দার আলীর ছেলে বলে জানা গেছে।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, পুলিশ গুরুত্বসহকারে মামলাটি তদন্ত করবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ২টা নাগাদ বন্ধু রবিউল ও সোহেলসহ দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দীঘলটারি (দলাইনামাছড়া বিলের) উত্তরদিকসংলগ্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমানায় পৌঁছামাত্র অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে রফিকুল ইসলামকে গুলি করে ভারতে পালিয়ে যায়। এরপর তার সঙ্গীরা মরদেহ ভেলায় তুলে জারিধরলা নদীতে ভাসিয়ে দেন।
স্থানীয় অনেকের ধারণা ভারতে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় অংশে উত্তেজনা নিয়ে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলের দিকে দুর্গাপুর মোঘলহাট সীমান্ত লাগোয়া জারিধরলা নদীতে তার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ও বিজিবিসহ স্থানীয় জনপ্রতিনিধি সীমান্ত লাগোয়া নদী থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
