বগুড়া শহরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রঙমিস্ত্রি খুন হয়েছেন। বগুড়ার শিবগঞ্জে চার দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহে নদীতে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে এক কিশোর ছুরিকাঘাতে খুন হয়েছে। মৌলভীবাজারে এক যুবককে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়েছে। বিস্তারিত জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে
বগুড়া : বগুড়ায় ছুরিকাঘাতে নিহত মো. জসিম (৩৮) চকলোকমান এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় রঙমিস্ত্রি ছিলেন। বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্র জানায়, ওই এলাকার রাব্বি নামের এক যুবকের সঙ্গে জসিমের গতকাল দুপুর ১২টার দিকে ক্রিকেট খেলা নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাব্বি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়।
এদিকে বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের চার দিন পর পাটক্ষেত থেকে আব্দুল বাসেদ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। আব্দুল বাসেদ শিবগঞ্জ পৌরসভার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে নকলনবিশ হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার সকালে তিনি অফিস যাওয়ার পর আর বাড়ি ফেরেননি।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : নিখোঁজের এক দিন পর গতকাল মাছের প্রজেক্ট থেকে জালাল আহমদ (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের কাপড়চতলীর গ্রামের আব্দুর রহমানের ছেলে। চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘লোকটির মৃগী রোগ ছিল বলে জানতে পেরেছি। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’
উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং নাফনদী থেকে গতকাল দুপুরে আমান উল্লাহ (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ১ নং ওয়ার্ড মনিরঘোনা গ্রামের বাসিন্দা তিনি। গতকাল সকালে তিনি ওই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ময়মনসিংহ : নিখোঁজের এক দিন পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী কংশ নদী থেকে সাবিত্রী (৭৬) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সাবিত্রী পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার জাগির কাজিয়াকান্দা এলাকার বাসিন্দা। গত শুক্রবার ওই বৃদ্ধা নদীপাড় দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ শহরের গলাচিপা বোয়ালিয়া খাল এলাকাতে নয়ন শিকদার (১৭) নামে এক কিশোর ছুরিকাঘাতে খুন হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে বোয়ালিয়া খালের ভূঁইয়ারবাগ রাস্তার পাশে বালু রাখার স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নয়ন গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে। ফতুল্লা থানার ওসি নূরে আজম মিয়া জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্বশত্রুতার জেরে হোসাইন মুহাম্মাদ জিলান (২২) নামে এক যুবককে প্রকাশ্য কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিলান উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আবদুল হামিদের ছেলে।
জানা যায়, গত ৩ জুলাই শহরের দক্ষিণ বাজারের বাসস্ট্যান্ডে জিলানকে ৬-৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
