সাফের সেমিতে খেলা বাংলাদেশকে সালাউদ্দিনের ৫১ লাখ টাকা বোনাস

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৩:৩০ পিএম

কুয়েতের কাছে অতিরিক্ত সময়ে ভেঙে যায় রক্ষণ প্রতিরোধ। ১০৭ মিনিটে হজম করতে হয় গোল। তার আগ পর্যন্ত চোখে চোখ রেখে খেলা বাংলাদেশ দেখিয়েছিল ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন। সেটা শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি। সেই আক্ষেপ সঙ্গী করে দেশে ফেরা জাতীয় দলের ফুটবলারদের তারপরও ডেকে সম্মানিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

আজ (রবিবার) বাফুফে ভবনে দলের সকল সদস্যকে ডেকে প্রতিশ্রুত অর্থ পুরস্কার তুলে দিয়েছেন কাজী সালাউদ্দিন। দলের ৩৪ সদস্য প্রত্যেকে বাফুফের পক্ষ থেকে পেয়েছেন দেড় লাখ টাকার চেক। সব মিলিয়ে ৫১ লাখ টাকার এই বোনাসের ঘোষণা সেমিফাইনালে ওঠার আগে দিয়েছিলেন বাফুফে বস।

তার ঘোষণা ছিল, দল যদি ফাইনালে যেতে পারে, তাহলে আরও ৫০ লাখ টাকা বোনাস দেবেন। তবে কুয়েতের কাছে ১-০ গোলের হারে সেই ঘোষণা বাস্তব রূপ পেলো না।

সালাউদ্দিন দলের তিনজন খেলোয়াড়কে আলাদা করে নিজের ব্যক্তিগত পর্যায় থেকে অর্থ পুরস্কার দিয়েছেন। সাফের সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় আনিসুর রহমান জিকোকে ১ লাখ, তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনকে ১ লাখ টাকা নগদ দিয়েছেন। এ ছাড়া সেমিফাইনাল খেলতে নামার আগমুহূর্তে সতীর্থদের জিততে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া রাইটব্যক বিশ্বনাথ ঘোষের দলের প্রতি নিবেদন দেখে খুশি হয়ে সালাউদ্দিন ৫ লাখ টাকা নগদ বিশ্বনাথের হাতে তুলে দেন।

আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে গুরুত্বটা বুঝিয়ে সকল খেলোয়াড়কে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বাফুফে সভাপতি। বলেন, 'একজন ফুটবলারের ক্যারিয়ার বড় জোড় ৩২ কি ৩৩ বছর। তাই এখন তোমাদের খেলায় মনোযোগী হতে হবে। তোমরা আমোদ করার অনেক সময় পাবে, এখন নিজেকে প্রস্তুত রাখো। তোমাদের সামনে বিশ্বকাপ বাছাই পর্ব আছে, সেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা আছে। সেটা জিততে না পারলে ৩ বছরের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে ছিটকে যেতে হবে। সুতরাং তোমরা প্রস্তুত থাকো।'

সালাউদ্দিনের কাছ থেকে বোনাস ও অনুপ্রেরণাদায়ী কথা শুনে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, 'আমরা এখনো সেমিফাইনালের হারটা ভুলতে পারিনি। সেই কষ্ট এখনো আছে। তারপরও প্রেসিডেন্ট আজকে আমাদের যেভাবে অনুপ্রাণিত করেছেন, তার জন্য ধন্যবাদ।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত