মাগুরা শহরের চৌরঙ্গী এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে লাবণ্য আক্তার কথা (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে মহম্মদপুর উপজেলার কুমরুল এলাকার শফিউল আলমের মেয়ে। কথা ঢাকার একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ত।
নিহতের খালাতো ভাই সালভিন আলম জানান, ঈদের ছুটিতে কথা বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে আসে। গতকাল শ্রীপুরের গোয়ালপাড়ার নানা মজিদ বিশ্বাসের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে কথা তার মা রিমা খাতুনের সঙ্গে ইজিবাইকে করে মাগুরা বাসস্ট্যান্ডে যাচ্ছিল। পথে শহরের চৌরঙ্গী এলাকায় পৌঁছালে ইজিবাইকের চাকায় গলায় থাকা ওড়না পেঁচিয়ে গেলে কথা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
