১০১ দোররা মেরে চাচি-ভাতিজার বিয়ে, গ্রেপ্তার ৬

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৪:০১ এএম

বগুড়ার শিবগঞ্জে গ্রাম্য সালিশে ১০১টি দোররা মেরে চাচি-ভাতিজার বিয়ে পড়ানো হয়েছে। গত রবিবার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের মালোগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন সোমবার রাতে ওই নারী বাদী হয়ে আটজনের নামে থানায় মামলা করেন। মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার আটমূল ইউপি সদস্য জিল্লুর রহমান, একই ইউনিয়নের পশ্চিম জাহাঙ্গীরাবাদ জামে মসজিদের ইমাম শাহিনুর রহমান, একই এলাকার ইলিয়াস আলী ফকির, মোজাফফর মণ্ডল, তোজাম মণ্ডল ও মোজাম্মেল হক। গতকাল সন্ধ্যায় শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী নারী বলেন, তার স্বামী প্রবাসে থাকেন। শনিবার রাত ১১টার দিকে ভাতিজা আবদুল মমিনকে সাংসারিক কাজের প্রয়োজনে বাড়িতে ডাকলে গ্রামের লোকজন অনৈতিক কাজের অভিযোগ তুলে সারা রাত তাদের আটকে রাখেন। পরদিন সালিশে প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করার পর মসজিদের ইমাম দুজনকে ১০১টি করে দোররা মারার নির্দেশ দেন। এ সময় স্থানীয় বাসিন্দা আজাদুল ইসলাম ১০টি বাঁশের কঞ্চি একত্র করে দোররা মারেন। এরপর দুই লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে ভাতিজা আবদুল মোমিনের সঙ্গে জোর করে বিয়ে পড়ানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা করার পর এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত