ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) মামলা করার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গতকাল বুধবার উপজেলার ডাকবাংলো এলাকার সদর রাস্তায় এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
স্থানীয় সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন পুতুল গত ৮ ডিসেম্বর নবীনগর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা উত্তোলনের বিষয়ে ইউএনও বরাবর অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন গত ৫ জানুয়ারি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন।
