দলীয় কার্যালয়ে ব্যানার লাগানোকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারিতে অন্তত দুজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সমর্থকদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর সমর্থকদের মারপিটের এই ঘটনা ঘটে।
আহতরা হলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু (৫৪) ও যুবলীগ নেতা টিয়া (৩৪)। গুরুতর আহত টিপুকে প্রথমে সিরাজগঞ্জ ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চয়ন ইসলামের উন্নয়নমূলক ব্যানার সরিয়ে মেয়র মনির আক্তার খান তরু লোদীর ব্যানার লাগানো হয়। বিষয়টি জানতে পেরে চয়ন ইসলামের সমর্থকরা এসে মেয়রের ব্যানার সরিয়ে ফের চয়ন ইসলামের ব্যানার লাগিয়ে দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা চলে। এর জেরে ওইদিন রাতে হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টিপুকে মারধর করে তার বাম হাত ভেঙে দেয় মেয়রের সমর্থকরা। পরে টিপুর সমর্থকরা হামলা চালিয়ে টিয়াকে মারধর করে আহত করেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, ‘চয়ন ইসলামের ব্যানার সরিয়ে মেয়র তরু লোদীর ব্যানার লাগানোকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে মারধর করা হয়। এ খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি। অপরপক্ষের কাউকে মারধর করা হয়েছে কি না তা এখনো কেউ জানাননি।’
