একাধিক চমক নিয়ে বড় পর্দায় আসছে মার্ভেল ইউনির্ভাসের সিনেমা ‘ডেডপুল থ্রি’। যার সর্বশেষ চমকটি হলো, প্রায় ২০ বছরের বিরতি ভেঙে ছবির অন্যতম প্রধান চরিত্রে (অ্যান্টিহিরোইন ইলেকট্রা) ফিরছেন জেনিফার গার্নার। একাধিক সূত্রের বরাত দিয়ে তথ্যটি সামনে এনেছে হলিউড রিপোর্টার। রায়ান রেনল্ডসকে প্রধান চরিত্রে রেখে বর্তমানে এ ছবির শুটিং হচ্ছে। যাতে অবসর ভেঙে উলভারিন চরিত্রে ফিরছেন হিউ জ্যাকম্যান। এর আগে অভিনেতা বলেছিলেন, ‘এক্স-ম্যান’ চরিত্র আর নয়, ‘লোগান’ ছবিতে চরিত্রের মৃত্যুও ঘটেছিল। কিন্তু উদ্ভট ডেডপুলের কাছে কিছুই অসম্ভব নয়। হিউ জ্যাকম্যানের পর এবার গার্নারের ফেরায় নড়েচড়ে বসেছেন ভক্তরা। মার্ভেলের কিছু চরিত্র তখন ছিল টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের অন্তর্গত। সেই ২০০৩ সালে ‘ডেয়ারডেভিল’ সিনেমায় ইলেকট্রার ভূমিকায় নাম লেখান জেনিফার গার্নার। যার নাম ভূমিকায় ছিলেন বেন অ্যাফ্লেক, যিনি এখন ডিসির ব্যাটম্যান। ছবিটি হিট না হলেও একটি স্পিনঅফের জন্ম দেয়। সে সূত্রে ২০০৫ সালে মুক্তি পায় ‘ইলেকট্রা’। এ ছবিও সফল না হওয়ায় সিরিজটি সামনে এগোয়নি। ইলেকট্রা চরিত্রে বরাবরই গার্নার ছিলেন আলোচনায়। কমিক বুক মুভির অল্পটি নারী চরিত্রের অন্যতম ধরা হয় তাকে। শন লেভি পরিচালিত ‘ডেডপুল থ্রি’র কাহিনি কীভাবে এগোবে স্পষ্ট নয়। তবে অনেকদিন ধরে মাল্টিভার্সের গুঞ্জন রয়েছে। যেখানে সম্ভবত ফক্সের তৈরি মার্ভেল ফিল্মের অন্য চরিত্রগুলোর সংযুক্তি ঘটবে।
×
