গুজব নিয়ে মুখ খুললেন পূর্ণিমা

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:০০ পিএম

চলচ্চিত্রের নন্দিত নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা মা হতে যাচ্ছেন, এমন গুজব চাউর হয়েছে সম্প্রতি। পূর্ণিমার একটি পোস্ট থেকেই এই গুজবের উৎপত্তি। বিষয়টি নিয়ে বেশ বিব্রত অবস্থায় পড়েছেন পূর্ণিমা। তিনি জানালেন, ‘আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের আমি বলেছি দোয়া করবেন। এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা ছবি মুক্তি পাওয়ার সময় আমরা বলি না, দোয়া করবেন! তাহলে তখন কি মা হতে যাওয়ার জন্য দোয়া চাওয়া হয়? যে কেউ শারীরিক সুস্থতার জন্য দোয়া চাইতে পারে, ক্যারিয়ারে সাফল্য পাওয়ার জন্য দোয়া চাইতে পারে। এটাকে অন্যভাবে নিলে তো হবে না। মাথা খাটাতে হবে তো। মা হওয়ার বিষয়টা তো অনেক স্পর্শকাতর। এটা নিয়ে হুটহাট করে মনগড়া কথা বললে হবে না।’ তিনি আরও বলেন, ‘দুই তিন দিন ধরে এটা নিয়ে আমি খুবই বিরক্ত। বলতে পারেন বিব্রতকর অবস্থায় আছি। আমার সঙ্গে কথা না বলে মানুষ কেন এসব খবর রটাচ্ছে কে জানে? আমি মা হলে জানাতে ক্ষতি কোথায় আমার! নিজের ফেসবুক পেজ বা অন্যান্য মাধ্যমে তো ঘটা করেই বলতাম। লুকানোর কিছু আছে বলে তো মনে হয় না।’

১১ জুলাই জন্মদিন ছিল পূর্ণিমার। কেমন কাটল বিশেষ দিনটি? জানতে চাইলে তিনি বলেন, ‘এবারও জন্মদিনে অনেক শুভাকাক্সক্ষীর শুভেচ্ছা পেয়েছি। তাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসলে জন্মদিন এলে একটু নস্টালজিক হয়ে যাই। পুরনো কথা মনে পড়ে। শুটিংয়ের প্রথম দিকের ঘটনা, ক্যারিয়ার সব চোখের সামনে ভাসে। প্রতিটি জন্মদিনে সবার শুভেচ্ছা, শুভ কামনা সব সময় আমাকে আরও ভালো ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগায়।’

পূর্ণিমা এখন আগের মতো নিয়মিত শুটিং না করলেও বেছে বেছে নানা ধরনের কাজে নিজেকে যুক্ত রাখছেন। নতুন কাজের প্রসঙ্গে জানতে চাইলে এই তারকা বলেন, ‘ঈদে তো ‘নগদ’-এর একটি প্রজেক্ট করলাম। সেটা নিয়ে অনেক দিন ধরে ব্যস্ত ছিলাম। কোটি টাকার শো প্রজেক্ট ছিল সেটি। এখন আপাতত আর কোনো কাজ করছি না। আমি ছোটবেলা থেকে গরম সহ্য করতে পারি না। এ বছর যে গরম পড়ল তাতে কাজ হাতে নেব কী করে? বেশ কয়েকটি চলচ্চিত্রের গল্প আমার কাছে জমা হয়েছে। সেগুলো আগস্টের দিকে পড়ব। যদি ভালো লাগে তাহলে নভেম্বর বা ডিসেম্বরে শুটিং শুরু করব। নইলে আরও কিছুদিন অপেক্ষা করব।’

নতুন কোনো উপস্থাপনা বা শো করছেন কি না জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে আন্দোলন, মিছিল-মিটিং শুরু হয়েছে। সরকারি দল, বিরোধী দল একের পর এক কর্মসূচি হাতে নিচ্ছে। এখন তো স্টেজ শো বা কনসার্ট করা ঝুঁকির ব্যাপার। নির্বাচন আগে শেষ হোক, তারপর দেখা যাবে।’

প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ দর্শক দারুণ উপভোগ করেছে। আবার নতুন কোনো সিরিজে কবে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্মাতা কাজল আরেফিন অমি ছোট ভাইয়ের মতো। আমি তার কাজ পছন্দ করি। ‘হোটেল রিল্যাক্স’ যখন সে করার কথা বলেছিল আর ‘না’ করতে পারিনি। সিরিজটিতে কিন্তু আমার চরিত্র খুব ছোট। বলা চলে অতিথি শিল্পী। তবে দর্শক চরিত্রটা দারুণ পছন্দ করেছে। আরও কয়েকটি সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। তবে এখনো সিদ্ধান্ত নিইনি।’

এবার ঈদের ছবি বেশ ইতিবাচক অবস্থা সৃষ্টি করেছে সিনেমা শিল্পের জন্য। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘‘ঈদের আগের দিন পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। ঈদের পরে ঘর সামলানোতে সময় চলে গেছে। তবে ‘প্রিয়তমা’ ছবির গানগুলো দেখেছি। শাকিব অসাধারণ। ওর নিজের স্টারডমেই ছবি চলে। তবে নায়িকা ইধিকাকেও ভালো লেগেছে। আগামী দিনে সে আরও ভালো করবে। বাকি ছবিগুলোর খবর তেমন জানি না। শুনেছি, এবার ঈদে নাকি সব ছবিই ভালো যাচ্ছে। এটা চলচ্চিত্রের জন্য সুখবর। দেখি, সামনে সময় করতে পারলে ‘প্রিয়তমা’ দেখব।’’

পূর্ণিমা অভিনীত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ ছবি দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। দুটি ছবিতেই তার নায়ক ফেরদৌস আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত