ভূরুঙ্গামারী উল্লাপাড়া দুর্গাপুর

পানিতে ডুবে ফুপু ভাতিজিসহ ৬ জনের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম

রাজশাহীর দুর্গাপুর উপজেলা চত্বরের পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী ফুপু ও ভাতিজির মৃত্যু হয়েছে। এ ছাড়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই দুই শিশু মারা গেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার হাটিকুমরুলে ডোবার পানিতে ডুবে মারা গেছে চাচাতো ভাই দুই মাদ্রাসা শিক্ষার্থী। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাবির ও আদিব নামের দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। গতকাল শুক্রবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু জাবির খামার বেলদহ গ্রামের আবদুল হামিদ বাবুর এবং আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। বাবু ও ভুট্টু আপন ভাই।

সাবেক ইউপি সদস্য আবু হোসেন বলেন, আমার দুই ভাতিজা সকাল সাড়ে ৯টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বাড়িতে গিয়েছি। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ : উল্লাপাড়ার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে ডোবার পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এরা হলো আবু শামীমের ছেলে সিয়াম (৭) ও আবুল হাসেমের ছেলে আবু হুরায়রা (৮)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। এরা গ্রামের একটি হাফেজিয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, দুপুরে আবু শামীমের স্ত্রী ঘাস খাওয়াতে গরু নিয়ে মাঠে যান। তার পিছু নিয়ে ওই দুই শিশুও মাঠে চলে যায়। একপর্যায়ে গরুটি হঠাৎ ছুটে পালায়। ফলে শিশু দুটিকে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি গরু খুঁজতে চলে যান। কিন্তু শিশু দুটি বাড়ি ফেরার সময় পথের পাশের ডোবায় খেলতে নেমে গভীর পানিতে ডুবে যায়।

রাজশাহী : দুর্গাপুর উপজেলা চত্বরের পুকুরে ডুবে ফুপু ও ভাতিজি মারা গেছে। প্রথমে আট বছরের ভাতিজি মেঘা খাতুন হাত ধুতে গেলে পুকুরে পড়ে যায়। পরে তাকে তুলতে গিয়ে ফুপু হীরা খাতুনও (২৪) পানিতে পড়ে ডুবে যান। তারা দুজনই বাকপ্রতিবন্ধী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে। মেঘা উপজেলা সদরের মোরশেদ আলীর এবং হিরা এরশাদ আলীর মেয়ে। দুর্গাপুর উপজেলা চত্বরের দেয়াল ঘেঁষেই তাদের বাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাশেই মসজিদ নির্মাণ হচ্ছে। শ্রমিকরা দূর থেকে দেখলেও তারা এসে উদ্ধার করার আগেই দুজন মারা যান।

দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, মেঘা পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। এটা দেখে তার ফুপু এসে নেমে তিনিও ডুবে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত