রাজধানীর ধানমন্ডির একটি বাড়ির ৬ তলার বারান্দা থেকে পড়ে নাসিমা আক্তার (১৯) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ধানমন্ডির ১ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মারা যায়।
এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মুয়ীদ খান জানান, শুক্রবার রাতে খবর পাই ১ নম্বর রোডে ৬ষ্ঠ তলার ওই বাসা থেকে গৃহকর্মী লাফিয়ে পড়েছে। দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এসআই জানান, ধানমন্ডির ওই বাসায় গৃহকর্ত্রী লায়লা নাহিদের বাসায় ৩ মাস যাবৎ কাজ করতো সে। শুক্রবার রাতে বাসার কাজ শেষ করে ৬ষ্ঠ তলার বারান্দা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে বলে গৃহকর্ত্রীর মাধ্যমে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃত নাসিমার মা নাজমা বেগম জানান, তাদের বাড়ি ভোলার সদর উপজেলার কাচিয়া কালিকানগর গ্রামে। বর্তমানে সাভার ফুলবাড়িয়া তেতুলতলা এলাকায় থাকেন। নাসিমার বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুরে একটি বাসায় দারোয়ানের কাজ করেন। ৮-৯ মাস আগে নাসিমা ধানমন্ডির ওই বাসায় কাজ নেয়। তবে গত ৬ মাস আগে কাজ ছেড়ে দিয়ে এক ছেলেকে বিয়ে করে সে।
তিনি জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় নাসিমার ডিভোর্স হয়ে যায়। এরপর তিন মাস ধরে আবার ওই বাসায় কাজ নেয়। সেখানেই থাকতো। শনিবার সকালে পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, নাসিমা ঢাকা মেডিকেলে মারা গেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই জানেন না পরিবার। সুষ্ঠু তদন্তের দাবি তাদের।
