ময়মনসিংহে প্রধান বিচারপতি

মামলাজট কমাতে বিচারক ও আইনজীবীদের একসঙ্গে কাজ করতে হবে

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৪:৩৭ পিএম

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকগণ ও বিজ্ঞ আইনজীবীরা একে অপরের পরিপূরক। সাধারণ মানুষ যাতে সহজেই বিচার পায় সেই লক্ষ্যে বিচারকগণ, বিজ্ঞ আইনজীবীদের বারবার অনুরোধ করেছি আপনারা আসেন বিচারকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। যাতে করে মামলার জট ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাড়ানো যায়।

যারা বিচার বিভাগের সঙ্গে আছি আমাদের দায়িত্ব বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দ, আইনজীবী সহকারীবৃন্দ এবং বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবার দায়িত্ব হলো এই বিচার বিভাগকে রাষ্ট্রের অগ্রগতির সাথে খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যাওয়া। সেই প্রচেষ্টাতেই আমরা চেষ্টা করে যাচ্ছি। যাতে করে মামলার যে জটটা শুরু হয়েছে সেটিকে ছাড়িয়ে নেওয়া যায়।

শনিবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায় কুঞ্জ’র ভিত্তি প্রস্থর স্থাপন শেষে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এসময় তিনি আরও বলেন, আপনারা জেনে খুশি হবেন সারা দেশের জেলাগুলোর মধ্যে ২০২২ সালে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ সংখ্যক মোকদ্দমা নিষ্পত্তি হয়েছে এবং এই বছরেও মামলা নিষ্পত্তির অগ্রগতির পরিমাণ গত বছরের চেয়ে বেশি। আমরা যদি এভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে ইনশাল্লাহ এই মামলার জট ছাড়াতে সক্ষম হব।

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আদালতকে সহায়তা করেন। আদালত, বেঞ্চ ও বার একটা ছাড়া আর একটা চলতে পারে না। একটার সহায়তা ছাড়া আর একটা এগোতে পারেনা। আপনাদেরকে মনে রাখতে হবে বিচারপ্রার্থী মানুষ আদালতের বারান্দায় বিচারের প্রত্যাশায় আসে। তারা এই দেশের মালিক। তাদেরকে বিচারিক সেবা দেয়ার দায়িত্ব আমাদের। এটা আমাদের যেভাবেই হোক বাস্তবায়ন করতে হবে। বছরের পর বছর যদি কেউ আদালতের বারান্দায় ঘুরতে থাকে ন্যায় বিচার পাওয়ার আশায়। তারা যদি ন্যায় বিচার না পায় এবং তারা বলেও ফেলতে পারে যে এদেশের বিচার আচার নাই। তা আমরা হতে দিতে পারি না।

এর আগে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

পরে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং জেলা আইনজীবী সমিতির সঙ্গে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এই সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার (বিচার) এসকে.এম তোফায়েল হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত