পরিকল্পনামন্ত্রী বললেন

বড়লোকদের আরও বড়লোক বানিয়েছে রাজউক

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:২৪ এএম

রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক) গরিব মানুষকে ‘তাড়িয়ে’ দিয়ে বড়লোকদের আরও বড়লোক বানিয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তার মতে, প্লট বরাদ্দের মাধ্যমে রাজউক এ কাজ করেছে।

গতকাল শনিবার অধ্যাপক আদনান জিল্লুুর মোর্শেদের ‘ঢাকা ডেলিরিয়াম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে ‘পারস্পেকটিভ অন সাউথ এশিয়ান আরবানিজম’ শীর্ষক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, রাজউক নগর উন্নয়ন কতটা করেছে, কতটা গরিব তাড়িয়েছে, তা চিন্তার বিষয়। গরিব তাড়িয়ে, অল্প দামে জমি দিয়ে বড়লোকদের বড়লোক বানিয়েছে। মার্কেট, কমিউনিটি সেন্টার বানিয়ে ভাড়া দিয়ে খাচ্ছে।

‘এখন আমরা ঢাকার প্রলাপ শুনছি’ উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘নানা সমস্যায় জর্জরিত হয়ে শহরটা অসুস্থ, কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। তবে যদি এটিকে সঠিক উপায়ে চিকিৎসা করা হয়, আশা করি তা সেরে যাবে। আশার কথা হলো, আমাদের শহর ও গ্রামের বৈষম্য এখন কমে এসেছে। এখন পুরো দেশকেই একটা ইউনিট হিসেবে বিবেচনা করে সামগ্রিকভাবে পরিকল্পনা করতে হবে। ঢাকার বাইরে অন্যান্য অঞ্চলেও যেন সুষমভাবে বিনিয়োগ হয় ও অবকাঠামোগত উন্নয়ন হয়, আমরা সেটি মাথায় রেখে কাজ করব।’

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং বাংলাদেশ আরবান নলেজ হাব যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ঢাকাকে উদ্ধার করতে হলে মফস্বলের পুনর্জাগরণ হতে হবে। পুনর্জাগরণটি অর্থনৈতিকভাবেও হতে হবে। খুলনা ও বরিশাল শহরে মানুষ কমছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক চাহিদা পূরণ না করে শুধু সুন্দর শহর গড়লে সেই শহর কাজে আসবে না।

অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির আরবান এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বিভাগের ইমেরিটাস অধ্যাপক এ টি এম নুরুল আমিন, বেঙ্গল ইনস্টিটিউটের মহাপরিচালক কাজী খালেদ আশরাফ, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ এবং একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

স্পেনভিত্তিক প্রকাশনা সংস্থা অলট্রিম পাবলিশার্স ‘ঢাকা ডেলিরিয়াম’ বইটি প্রকাশ করেছে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত আদনান জিল্লুুর মোর্শেদের অর্ধশতাধিক লেখা এতে স্থান পেয়েছে।

বইয়ের মোড়ক উন্মোচনের আগে ‘জন ঘনত্বই হতে পারে ঢাকার আশীর্বাদ’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, ফরহাদুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত