প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গেলেন আদানি

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:২৪ এএম

ভারতের আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হওয়ায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে আবার ফিরে গেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গৌতম আদানি। ভারত থেকে নিজস্ব উড়োজাহাজে করে গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকায় নেমে বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গৌতম আদানি। বেলা সোয়া ১টার দিকে আবার ঢাকা ছাড়েন তিনি। বিদ্যুৎ বিভাগ ও আদানি গ্রুপের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

এরপর বেলা ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে গৌতম আদানি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে (আমি) সম্মানিত। ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে আমি স্যালুট জানায়, যারা করোনা মহামারীর মধ্যেও কাজ শুরু করে মাত্র সাড়ে তিন বছরে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে।’

শুধু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্যই কেন্দ্রটি নির্মাণ করেছে আদানি গ্রুপ। এ ধরনের বিদ্যুৎকেন্দ্র ভারতে এটিই প্রথম। কেন্দ্রটি নির্মাণে বিশ^মানের প্রকল্প ও সম্পদ ব্যবস্থাপনা সক্ষমতার একটি অনন্য উদাহরণ তৈরি করেছে বলে আদানি গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নানা রকম চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর ১০৫ কিলোমিটার দীর্ঘ ৪০০ কিলোভোল্ট ডাবল সার্কিট সঞ্চালন লাইন স্থাপন, রেললাইন তৈরি, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে মাত্র ৪২ মাসের মধ্যে। করোনা মহামারীর মধ্যে সব ধরনের বাধা মোকাবিলা করে এত অল্প সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে আদানি বিশ^মানের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তরল জ¦ালানিভিত্তিক ব্যয়বহুল বিদ্যুতের চেয়ে বাংলাদেশ অনেক কম দামে গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ পাবে। এতে বাংলাদেশের গড় উৎপাদন ব্যয় কমবে। পাশাপাশি কেন্দ্রটি চালু হওয়ায় এটি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।

আদানি পাওয়ার প্রতিযোগিতামূলক দামে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির অংশীদার হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই সহযোগিতা শিল্পের প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী করবে।

আদানি পাওয়ার লিমিটেডের মালিকানাধীন আদানি পাওয়ার ঝাড়খ- লিমিটেড (এপিজেএল) ঝাড়খ- রাজ্যের গোড্ডা জেলায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ শেষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শর্ত মেনে গত ৬ এপ্রিল থেকে ৮০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। একই ক্ষমতার দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় গত ২৬ জুন। দুটি ইউনিট থেকে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৪৯৬ মেগাওয়াট। কেন্দ্রটি থেকে ২৫ বছরের জন্য বিদ্যুৎ কিনতে ২০১৭ সালের নভেম্বরে আদানির সঙ্গে ক্রয় চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

আদানি পাওয়ার লিমিটেড ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী। ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির ১৫ হাজার ২১০ মেগাওয়াট ক্ষমতার ৭টি বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি গুজরাটে ৪০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত