সবচেয়ে কম সময়ে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:৩৩ এএম

এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) বছরের দ্বিতীয়বার সর্বোচ্চ সাতজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যা ১০০ হলো। এর আগে ১১ জুলাই সাতজনের মৃত্যু হয়েছিল।

এর মধ্য দিয়ে দেশে ডেঙ্গুর ইতিহাসে এবারই সবচেয়ে কম সময়ে ডেঙ্গুতে এত মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে সর্বোচ্চ আক্রান্তের বছর ২০১৯ সালের আগস্টে মৃত্যু ১০০-এর ঘর পেরিয়েছিল। ওই বছর মারা গিয়েছিল ১৭৯ জন এবং আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল আগস্টে ৮৩ জনের।

একইভাবে সর্বোচ্চ মৃত্যুর বছর ২০২২ সালে মৃত্যু ১০০ পেরোতে আরও বেশি সময় লেগেছিল। ওই বছর অক্টোবরে মৃত্যু ১০০ ছাড়িয়ে যায়। ওই বছর মারা গিয়েছিল ২৮১ জন এবং সর্বোচ্চ মৃত্যু হয়েছিল নভেম্বরে, ১১৩ জনের।

এ বছর জুলাই মাসেই মৃত্যু ১০০তে পৌঁছাল। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে এ মাসের প্রথম ১৫ দিনে ৫৩ জনের। অথচ গত মাসে মৃত্যু ছিল ৩৪ জনের; অর্থাৎ গত মাসের তুলনায় এ মাসের প্রথম ১৫ দিনে মৃত্যু বেড়েছে দেড় গুণ এবং জুনের প্রথম ১৫ দিনের তুলনায় তা দ্বিগুণ।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে যশোরে প্রথমবারের মতো ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু খুলনা বিভাগের মধ্যে প্রথম। এ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৮ জন, যা খুলনা বিভাগের অন্যান্য জেলার মধ্যে সর্বোচ্চ।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে ১০০ জনের মধ্যে ৭৮ জনই মারা গেছে রাজধানীতে, যা মোট মৃত্যুর ৭৮ শতাংশ। রাজধানীর বাইরে এখন পর্যন্ত মারা গেছে ২২ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ১৩ জন চট্টগ্রাম জেলায়, ময়মনসিংহে ৩, যশোরে ২ এবং বগুড়া, রাজশাহী, রংপুর ও বরিশালে ১ জন করে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ১ হাজার ৬২৩ জনের বিভিন্ন হাসপাতালে ভর্তির আবার রেকর্ড হয়েছে। এর আগে সর্বোচ্চ ভর্তির রেকর্ড ছিল ১২ জুলাই ১ হাজার ২৪৬ জনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৪৫৪। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ১৩ হাজার ১০৯ এবং ঢাকার বাইরে ৬ হাজার ৩৪৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত