সিলেটে পিছু হটল জামায়াত, নতুন তারিখ সমাবেশের

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:৩৪ এএম

সিলেটে সমাবেশ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত পিছু হটেছে জামায়াতে ইসলামী। পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল শনিবার নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে এবং সমাবেশের আগের দিন শুক্রবার জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তারা সমাবেশ আয়োজন থেকে বিরত থাকে। তবে সংবাদ সম্মেলন করে তারা ২১ জুলাই সমাবেশের নতুন তারিখ ঘোষণা করেছে।

এদিকে চট্টগ্রামের লালদীঘি মাঠে ২২ জুলাই সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশের অনুমতি চেয়ে দলের পক্ষ থেকে গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

গতকাল সিলেট নগরীর বন্দরবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ২১ ‍জুলাই নগরীর রেজিস্ট্রারি মাঠে জনসভা করার ঘোষণা দিয়ে বলেন, ‘শুধু রাজনৈতিক ভিন্নমতের কারণে আমাদের শান্তিপূর্ণ জনসভার অনুমতি দেওয়া হয়নি। অথচ সভা-সমাবেশ করা সব দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমাদের সেই অধিকার দীর্ঘদিন থেকে হরণ করা হয়েছে।’

জামায়াতের আমিরসহ নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ১৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ আহ্বান করে অনুমতি চেয়ে মহানগর পুলিশকে চিঠি দেয় জামায়াত। তবে পুলিশের অনুমতি না মেলায় জনসভা করতে পারেনি দলটি। এ ছাড়া গত শুক্রবার দলের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

জামায়াতের নেতাদের মিথ্যা মামলায় বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে দাবি করে ফখরুল ইসলাম বলেন, ‘কারাগারে রেখে বিনা বিচারে আরও অনেককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে বিরোধীদলীয় সব বন্দি ও আলেম-উলামার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে উল্লেখ করে মহানগর জামায়াতের আমির বলেন, ‘এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সময়ের দাবি।’

সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণের আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমির হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ। 

এদিকে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে আটক হওয়া জামায়াতের সাত নেতাকর্মীকে গতকাল আদালতে পাঠানো হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, গত ফেব্রুয়ারি মাসে দায়ের করা একটি নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে ওসি জানান।  

তারা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আজিজুল ইসলাম (৪৩), বালাগঞ্জ উপজেলার নুরপুরের এস এম রুমেল (২৩), কানাইঘাট উপজেলার বড়দেশের মারুফ আহমদ (১৮), বাগেরহাটের আবু বক্কর সিদ্দিক (৫৮), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাইদুল ইসলাম (৩৮), সুনামগঞ্জের হোসেন আহমদ (৩০) ও বগুড়ার মাহমুদুল আলম (৩৪)।

চট্টগ্রামে ২২ জুলাই সমাবেশ করতে চায় জামায়াত : চট্টগ্রামের লালদীঘি মাঠে ২২ জুলাই সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশের অনুমতি চেয়ে দলের পক্ষ থেকে গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি আইনজীবী প্রতিনিধিদল সমাবেশ অনুষ্ঠানের জন্য লিখিত আবেদন নিয়ে গতকাল দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে যায়। সিএমপির সংশ্লিষ্ট শাখা আবেদনটি গ্রহণ করে।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার অফিস সেক্রেটারি এ এইচ এম কামাল স্বাক্ষরিত আবেদনে বলা হয়, দলের আমির ডা. শফিকুর রহমানের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে ২২ জুলাই বিকেল ২টায় লালদীঘি ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুমতি প্রদানসহ পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘সর্বশেষ ২০১২ সালে আমরা চট্টগ্রাম মহানগরীতে দলীয় সমাবেশ করেছিলাম। এর পর গত ১১ বছর কোনো সমাবেশের সুযোগ পাইনি। এবার ১০ দফা দাবিতে লালদীঘি মাঠে সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছি। আমরা মনে করি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। ইতিমধ্যে ঢাকায়ও আমরা অনুমতি নিয়ে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাবেশ করেছি। আশা করছি, এখানেও আমরা অনুমতি পাব এবং সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে পারব।’

সিএমপির নগর বিশেষ শাখার উপপুলিশ কমিশনার মনজুর মোরশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘জামায়াতে ইসলামীর সমাবেশের অনুমতি চেয়ে জমা দেওয়া আবেদন আমরা পেয়েছি। তবে অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত