প্রায় তিন দশক পর ক্যামেরার সামনে ‘লিপ-কিস’ করার প্রতিজ্ঞা ভাঙলেন কাজল। পরিচালকের নির্দেশ মতো যিশু সেনগুপ্তর ঠোঁটে ডুবিয়ে দিলেন নিজের ঠোঁট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই দৃশ্য। শুধু যিশু নন, আরেক সহ-অভিনেতার সঙ্গেও চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন কাজল।
হটস্টার-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। আমেরিকান পলিটিক্যাল ড্রামা ‘দ্য গুড ওয়াইফ’ অবলম্বনে তৈরি এই সিরিজে আইনজীবী নয়নিকা সেনগুপ্তর চরিত্রে অভিনয় করেছেন কাজল। তার স্বামীর ভূমিকায় রয়েছেন যিশু। আর আলি খান হয়েছেন বন্ধু তথা সহকর্মী। দু’জনের সঙ্গেই কাজলের চুম্বন দৃশ্য রয়েছে। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
এর আগে কাজলের ‘লিপ কিস’-এর দৃশ্য দেখা গিয়েছিল ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে দিল্লাগি’ সিনেমায়। সে ছবিতে কাজলের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন অক্ষয় কুমার। তারপর থেকে আর কাজলকে কোনও ছবিতে এমন দৃশ্য করতে দেখা যায়নি। না শাহরুখ খানের সঙ্গে, না স্বামী অজয় দেবগনের সঙ্গে।
কিন্তু সুপর্ণ বর্মার ওয়েব সিরিজের জন্য যেন বহুদিনের ব্রত ভাঙলেন কাজল। কেউ অভিনেত্রীর সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন, কেউ আবার এতে আপত্তি জানাচ্ছেন। আপত্তির কারণ? কাজলকে তারা অঞ্জলির মতো চরিত্রেই দেখতে চান।