দুবার হত্যাচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন, তৃতীয়বার...

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৬:৪৪ পিএম

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়েরেরোর পর্যটন শহর আকাপুলকোতে নেলসন ম্যাটাস নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি একটি দোকানের পার্কিং লটে নিজের গাড়িতে উঠার সময় গুলিবিদ্ধ হন। আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে রবিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গুয়েরেরোর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নেলসন ম্যাটাস। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দেশটিতে দুইজন সাংবাদিক হত্যার শিকার হলেন।

স্থানীয় সংবাদমাধ্যমে উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেলসন ম্যাটাস ২০১৭ ও ২০১৯ সালে দুই বার হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন।

প্রসিকিউটররা বলেছেন, আগ্নেয়াস্ত্রের সাহায্যে নেলসন ম্যাটাসকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু চলছে। সাংবাদিক নেলসন ম্যাটাস আঞ্চলিক সংবাদমাধ্যম লো রিয়াল ডি গুয়েররোর পরিচালক।

রিপোটার্স উইদাউট বডার্সের মেক্সিকো প্রতিনিধি বালবিনা ফ্লোরেস জানান, ১৫ বছর সাংবাদিকতায় যুক্ত ছিলেন নেলসন ম্যাটাস। তিনি সহিংসতা নিয়ে কাজ করতেন। এর আগে গত ৮ জুলাই মেক্সিকোর শীর্ষস্থানীয় সংবাদপত্র লা জর্নাডা’র সাংবাদিক লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রিপোটার্স উইদাউট বডার্স আরও বলছে, দেশটিতে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১৫০-এর বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে।
এসব হত্যাকাণ্ডের সঙ্গে সাধারণত দেশটির শক্তিশালী মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে।

সরকারি তথ্যে বলা হয়েছে, ২০২২ সালে মেক্সিকোয় ১৩ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অধিকাংশেরই কোনও শাস্তি হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত