সুশীল সমাজের সঙ্গে ইইউ

মানবাধিকার ও নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৬:৪১ এএম

সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠকে নির্বাচনের পরিবেশ, বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গতকাল রবিবার দুই দফায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধিদল। রাজধানীর গুলশানে ইইউ অফিসে এসব বৈঠক হয়।

প্রথম দফায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ডা. মাহফুজ কবিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক হয়। দ্বিতীয় দফায় প্রতিনিধিদল মানবাধিকারকর্মী অ্যাডভোকেট আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করে। 

বৈঠকের পর ড. মাহফুজ কবির সাংবাদিকদের বলেন, ‘ইইউ প্রতিনিধিদল বর্তমান নির্বাচনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নিয়েছে। তাদের বলেছি, এখন রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত। নির্বাচনের আগে ইইউর উচিত একটি পর্যবেক্ষক দল পাঠানো।’

তিনি আরও বলেন, ‘তারা পার্বত্য চট্টগ্রামে একটি পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়েও আমাকে জিজ্ঞাসা করেছে। আমি বলেছি, তারা পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অল্পসংখ্যক সদস্য নিয়ে একটি দল পাঠাতে পারে।’

এদিকে বৈঠকের পর অ্যাডভোকেট আদিলুর বলেন, ‘আমি প্রতিনিধিদলকে বলেছি, মানবাধিকারকর্মীদের নামে মামলা দিয়ে, মানবাধিকার সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল করে ও মানবাধিকার লঙ্ঘন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ৮ জুলাই থেকে ঢাকা সফরে রয়েছে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদল। ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন। সফরকালে সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করছেন তারা। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, প্রতিনিধিদল সে বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত