হাসপাতালের যন্ত্রপাতি পড়ে থাকায় উদ্বেগ

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৬:৪৬ এএম

জনবলের অভাবে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি পড়ে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কেনা চিকিৎসা যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনার জন্য দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক। বৈঠকে কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম, মো. মোজাফফর হোসেন ও বেগম শিরীন আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার বিষয়টি আলোচনাকালে কমিটির সদস্যরা বলেন, হাজার হাজার কোটি টাকার মেডিকেল যন্ত্রপাতি অকেজো-অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এমনকি খবর আছে, বিদেশ থেকে আমদানির পর অনেক যন্ত্রপাতির বক্স এখনো খোলা হয়নি। যার মোড়কের গায়ে ধুলো জমেছে। জনবলের অভাবে যন্ত্রপাতিগুলো পড়ে অব্যবহৃত অবস্থায় আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব যন্ত্রপাতি ব্যবহার না হওয়ার কারণে রোগীদের ভোগান্তি হচ্ছে। নানান পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও টেকনিশিয়ান নেই। এ অবস্থায় দ্রুত দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বৈঠকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন নিনমাস ও ইনমাসের চলমান ও সমাপ্ত প্রকল্পগুলোর কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে দরিদ্র মানুষের জন্য স্থাপিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস) ক্যানসারের টেস্ট বিনামূল্যে প্রদানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ ছাড়া মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে স্থাপিত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (ইনমাস) প্রদত্ত ক্যানসারসহ কিডনি, লিভার প্রভৃতির চিকিৎসা দেওয়ার বিষয়টি জনসাধারণের কাছে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত