দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় জুটি হয়ে ফিরছেন এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় জুটি মাহফুজ আহমেদ ও অপি করিম। তবে নাটক নয়, নতুন করে এ জুটিকে দেখা যাবে ওয়েব সিরিজে। শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘অদৃশ্য’ ওয়েব সিরিজে অভিনয় করছেন তারা। এ সিরিজে মাহফুজ-অপির অভিনয়ের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন নির্মাতা রানা। তিনি গতকাল সন্ধ্যায় বলেন, ‘এখন সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই। কারণ আমি এটিরই শ্যুটিং করছি। আমার সামনে মাহফুজ ভাই আর অপি আপা অভিনয় করছেন। কাজ শেষ করে সবাইকে সিরিজটি নিয়ে জানাব।’ তিনি আরও জানান, ইতিমধ্যে সিরিজটির ৭০ শতাংশ শ্যুটিং শেষ হয়েছে। সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির। ‘অদৃশ্য’ সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে মাহফুজ আহমেদের। তবে অপি করিম ২০১৯ সালে অমিতাভ রেজা চৌধুরীর ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক ঘটান। সেটিও ছিল হইচইয়ের প্রযোজনা। ‘অদৃশ্য’ ওয়েব সিরিজে দেখা যাবে একজন সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার গল্প। যার ক্ষমতার দর্পে তার পায়ে মাথা নত করে সবাই। কিন্তু হুট করে একদিন তার পায়ের নিচের মাটি সরে যায়। তাকে অপহরণ করা হয়। রহস্য আরও ঘনীভূত হয় যখন তাকে হুট করে ছেড়ে দেওয়া হয়। কেন তাকে অপহরণ করা হয়, আর কেনই-বা তাকে ছেড়ে দেওয়া হয় সেসব প্রশ্নের উত্তর জানা যাবে এ সিরিজে। এদিকে, ৮ বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে মাহফুজের বিপরীতে আছেন শবনম বুবলী। প্রহেলিকা সিনেমায় মনা চরিত্রে মাহফুজের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটির প্রচারের সময় মাহফুজ জানিয়েছিলেন, পছন্দমতো চরিত্র পেলে অভিনয়ে নিয়মিত পাওয়া যাবে তাকে। ‘অদৃশ্য’ সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি কথা রাখলেন। তবে এখনই নিজের চরিত্র নিয়ে কোনো কথা বলতে নারাজ মাহফুজ। জানালেন, চরিত্র নিয়ে কথা বলা নিষেধ আছে। শুধু জানালেন, সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
‘প্রহেলিকা’ সিনেমা মুক্তির পর অনুভূতি কেমন জানতে চাইলে এই অভিনয়শিল্পী স্পষ্ট বলেন, ‘সত্যিই, আমি খুব শঙ্কিত ছিলাম। ভেবেছিলাম, এত বছর কাজ করি না। দর্শক আদৌ আমাকে মনে রেখেছেন কি না। ছবি মুক্তির পর দুই দিন হলো ভিজিট করেছি। মনটা ভিজে গেছে। দর্শক এত মায়ায় ভরিয়ে দিয়েছেন, বলার অপেক্ষা রাখে না। মা-বাবা, চাচা-চাচি, খালা-খালুর বয়সীরা তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কেউ কেউ বলেছেন, আমরা নাতি-নাতনিদের নিয়ে এসেছি, আমাদের হিরোকে দেখাতে। এর চেয়ে বড় কমপ্লিমেন্ট আর কী হতে পারে। দর্শকের এ ধরনের মন্তব্য আমার নিজের প্রতি আস্থা ফিরিয়ে দিয়েছে। আদৌ গ্রহণ করবেন কি না, সেই শঙ্কা কেটে গেছে। সিদ্ধান্ত নিয়েছি, নতুন চ্যালেঞ্জ নিয়ে আসব। তাই তো নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য নিজেকে তৈরি করছি।’ ‘প্রহেলিকা’ ছবিটি মুক্তির আগে মাহফুজ আহমেদকে তার দীর্ঘদিনের সহকর্মীরা শুভকামনা জানিয়েছেন।
