বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বসুন্ধরা চেয়ারম্যান

জুয়েলারি শিল্পকে আরও শক্তিশালী হতে হবে

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:৫১ এএম

জুয়েলারি রপ্তানি করে তৈরি পোশাকের চার গুণ বিদেশি মুদ্রা আয় করা সম্ভব বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গতকাল সোমবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কমিটির চেয়ারম্যান ও বাজুসের সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম, বাজুসের সাবেক সভাপতি ও উদযাপন কমিটির কো-চেয়ারম্যান ডা. দীলিপ কুমার রায় ও উদযাপন কমিটির সদস্য সচিব ও বাজুসের সহসভাপতি গুলজার আহমেদ উপস্থিত ছিলেন। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়’।

আহমেদ আকবর সোবহান বলেন, জুয়েলারি শিল্পকে আরও শক্তিশালী হতে হবে। যারা স্বর্ণালংকার বিক্রি করেন তারা সবাই রপ্তানির মাধ্যমে শিল্পপতি হতে পারেন। জুয়েলারি শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রপ্তানির জন্য জুয়েলারি কারখানা করেন, আমি জায়গা দেব। রাজধানীর কেরানীগঞ্জে ৪০ হাজার স্কয়ার ফিটের একটি জায়গা বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন এক কনটেইনার তৈরি পোশাক রপ্তানি করলে আসে ২০ হাজার ডলার। আর এক কনটেইনার স্বর্ণালংকার রপ্তানি করলে আসবে ২০ মিলিয়ন ডলার। কয়েক বছর ধরে বাজুস ফেয়ার হচ্ছে তিন দিন। আইসিসিবিতে আগামীতে বাজুস ফেয়ার হবে সাত দিন এবং মেলায় অংশ নেওয়া কোনো দোকানকে ভাড়া দিতে হবে না।

বাজুসের অগ্রযাত্রায় ভূমিকা রাখায় সাত জুয়েলারি ব্যবসায়ীর হাতে সম্মাননা তুলে দেন আহমেদ আকবর সোবহান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত