মাদক মামলায় পাবনার বেড়া মডেল থানার পৌর এলাকার সান্যালপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৭০) সাজাপ্রাপ্ত আসামি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ-প্রাপ্ত এই পলাতক আসামিকে দীর্ঘদিন ধরে খুঁজছে পুলিশ। মূল আসামি ধরতে না পেরে তার পরিবর্তে একই নামের পাশর্^বর্তী গ্রামের আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর অভিযোগ উঠেছে বেড়া মডেল থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় থানা পুলিশকে তদন্তের আদেশ দিয়েছে আদালত। ভুক্তভোগী পরিবার ও আদালত সূত্র জানায়, ২০১৬ সালের মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেড়া থানার সান্যালপাড়া গ্রামের আনোয়ার হোসেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিন্তু পরোয়ানা সঠিকভাবে যাচাই না করেই গত ১০ জুন পাশর্^বর্তী সাঁথিয়া থানা এলাকার করমজা থানার ওহাব ব্যাপারীর ছেলে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন এএসআই আনোয়ার। মামলায় কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও করমজা গ্রামের আনোয়ারকে পরদিন ১১ জুন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় বেড়া থানা পুলিশ। নিরপরাধ আনোয়ার বিনা দোষে ৬ দিন জেলহাজতে কাটান।
এদিকে, পরে আদালতে জিজ্ঞাসাবাদে করমজা গ্রামের এই আনোয়ার সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আনোয়ার নন বলে নিশ্চিত হন বিচারক সুরাইয়া সরকার। দাখিল করা নাগরিক সনদ, প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় নথি পর্যালোচনা করে আদালত আনোয়ারকে ৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিতে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়।
এ বিষয়ে এএসআই আনোয়ার বলেন, ‘গ্রেপ্তারের সময় করমজার আনোয়ার অস্বাভাবিক আচরণ করে। সে বিষয়টি পরিষ্কার করতে না পারায় থানায় আনা হয়। আপনি সামনাসামনি আসেন ফোনে এর বেশি কিছু বলতে পারব না।’
