ব্যক্তির টুইটকে জাতিসংঘের বিবৃতি হিসেবে প্রচার অপসাংবাদিকতা: তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম

ঢাকা-১৭ আসনে অনুষ্ঠিত উপনির্বাচন নিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের টুইট প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'পান থেকে চুন খসলেই টুইট করা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অতি নাক গলানো।'

সম-সাময়িক বিষয় নিয়ে আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি খুব আশ্চর্য হয়েছি যে জাতিসংঘের এখানকার আবাসিক প্রতিনিধির টুইটকে জাতিসংঘের বিবৃতি হিসেবে প্রচার করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টুইটকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি হিসেবে প্রচার করা হয়েছে। যেটি যা নয়, সেটিকে তা হিসেবে প্রচার করা-সংবাদ তৈরি করা অপসাংবাদিকতা।

তিনি বলেন, আমি তথ্যমন্ত্রী হিসেবে বিনীত অনুরোধ জানাব, এই ধরনের ম্যাল ইনফরমেশন প্রচার করা থেকে আপনারা বিরত থাকবেন।

হাছান মাহমুদ বলেন, আমি তো তথ্যমন্ত্রী ও দলের (আওয়ামী লীগের) যুগ্ম সাধারণ সম্পাদক। আমি যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই বা একটা টুইট করি, সেটি কি দলের বক্তব্য হিসেবে প্রচারিত হবে? কখনো আপনারা সেটি করবেন না আমি জানি।

এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার টুইট করে উদ্বেগ জানান গোয়েন লুইস। তিনি লেখেন, ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় উদ্বিগ্ন। সহিংসতা ছাড়াই প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণ করার মৌলিক মানবাধিকার অবশ্যই নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।

যে কেউ টুইট করতেই পারে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এটা ইউএন এর রিঅ্যাকশন না, এটা একজন ব্যক্তির রিঅ্যাকশন। সুতরাং জাতিসংঘের একজন আবাসিক প্রতিনিধি টুইট করল এটি তার প্রতিক্রিয়া, ইউএন এর প্রতিক্রিয়া না। আমাদের গণমাধ্যমগুলোতে সেটিকে ইউএন-এর রিঅ্যাকশ হিসেবে প্রচার করা সেটি তো সঠিক নয়।

তিনি বলেন, পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সেটি নিয়ে তো সেখানকার আবাসিক প্রতিনিধি কিংবা কোনো উদ্বেগ প্রকাশ বা টুইট তো আমরা দেখিনি। বাংলাদেশে পান থেকে চুন খসলেই এ রকম টুইট করা বা কিছু একটা বলা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অতি নাক গলানোর শামিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত