শেরপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ১৫ দিনে শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ৪ জন এবং ঝিনাইগাতি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন রোগী।
বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে শেরপুরে আক্রান্ত হয়েছে ২ জন। বাকিরা ঢাকায় কর্মস্থলে আক্রান্ত হয়ে নিজ জেলা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে রোগী ও তাদের স্বজনদের সূত্রে জানা গেছে।
ডেঙ্গু আক্রান্ত রোগীর স্বজন মাহফুজা বেগম বলেন, আমার ছেলে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ঢাকার হাসপাতালে কোন সিট না পেয়ে শেরপুর এসে ভর্তি হয়। এখন মোটামুটি সুস্থ আছে।
শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য বলেন, গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে এবং চিকিৎসার সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এসব রোগীর সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে শেরপুরে ভর্তি হচ্ছেন।
