ইনিংসের শুরুতেই উসমান খাজাকে ফিরিয়ে মাইলফলকের একদম কাছে চলে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। ৬০০ উইকেটের মাইলফলক থেকে মাত্র এক উইকেট দূরে ছিলেন তিনি। তবে সেটা ছোঁয়ার জন্য তাকে অপেক্ষা করতে হয় ৪৯ ওভার পর্যন্ত। ৫০তম ওভারের পঞ্চম বলে ট্রাভিস হেডকে ফিরিয়ে উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেন তিনি। তার এই কীর্তির পর দ্রুতই হারায় আরও কয়েকটি উইকেট। কিন্তু অস্ট্রেলিয়ার সবগুলো উইকেট তুলে নিতে পারেনি ইংল্যান্ড। ২ উইকেট জমিয়ে রেখেই দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজের চতুর্থ টেস্টে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে পঞ্চম ওভারেই অজি দুর্গে আঘাত হানেন স্টুয়ার্ট ব্রড। এই ফাস্ট বোলার ৫৯৮ উইকেট নিয়ে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরু করে অস্ট্রেলিয়ার উসমান খাজাকে আউট করে ৫৯৯ উইকেট শিকার করেন। ভাবা হচ্ছিল পরের কয়েক ওভারের মধ্যেই নতুন মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। কিন্তু অপেক্ষা দীর্ঘ হয়।
তারপর ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ক্রিস ওকস ওয়ার্নারকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন। চারে নেমে স্টিভ স্মিথ এদিন যেন খোলস ছেড়ে বেরিয়ে আসেন। টেস্ট মেজাজে নিয়মিত ধৈর্য্যের পরীক্ষা দেন যে অস্ট্রেলিয়ান, তিনি আজ খেলছিলেন ওয়ানডের মেজাজে। যেন ইংলিশদের বাজবল কৌশলের ভূত চেপেছিল তার ঘাড়ে।
দ্রুত রান তোলার দিকে মনযোগ দিচ্ছিলেন। ৪২ বল খেলে ৫ চার ও ১ ছক্কায় ৪১ রান তুলে ফেলেন। তাতে তৃতীয় উইকেট জুটিতে যোগ করে ফেলেন ৫৯ রান। কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি স্মিথ। ফিরে যান ওকসের বলে বোল্ড হয়ে।
তার বিদায়ের পর ট্রাভিস হেডের সঙ্গে জুটির গড়ায় মনোযোগ দেন লাবুশানে। তবে টেস্ট মেজাজেই। পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখাও। কিন্তু সেটা বড় করতে পারেননি। দলীয় ১৮৩ রানে মঈন আলির বলে এলবির শিকার হন তিনি। ফিরে যাওয়ার আগে ১১৫ বলে ৬ চারে ৫১ রান করেন তিনি।
তার বিদায়ের ঠিক ২২ বল পরই ওল্ড ট্রাফোর্ডে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ট্রাভিস হেডকে আউট করে এই অনন্য তালিকায় নাম লেখালেন। তালিকায় জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় পেসার ব্রড। এই এলিট গ্রুপে সবার আগে ৮০০ উইকেট নিয়ে মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে আছেন প্রয়াত শেন ওয়ার্ন। ব্রড সতীর্থ জেমস অ্যান্ডারসনের শিকার ৬৮৮। এরপর আছেন আরেকজন স্পিনার, ভারতের অনিল কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে। ব্রডের মতো এই মাঠে শেন ওয়ার্নও ওল্ড ট্রাফোর্ডেই ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। সেটাও ছিল অ্যাশেজেই।
এই অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনেই এই কীর্তি গড়লেন এবার ব্রড। তার মাইলফলকের পর দ্রুতই হারায় আরও ২ উইকেট। ক্যামেরুন গ্রিন ও ফিফটি তুলে নেওয়া মিচেল মার্শকে ফেরান ওকস। ৮১তম ওভারে চতুর্থ বলে ২৯৪ রানের মাথায় অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়ার। সেটাও ওকসেরই শিকার।
তারপর খেলা হয়েছে আরও দুই ওভার। অজিরা আর ৫ রান যোগ করতেই হয়ে যায় দিনের শেষ। প্রথম দিনে ব্রডের মাইলফলকের পর অজিদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৯৯। ইংলিশদের হয়ে ৫২ রান খরচায় ওকস সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন।