ছাত্রলীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:০০ এএম

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ চারটি বাস ভাঙচুর করা হয়।

জানা যায়, দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রায় অংশগ্রহণের জন্য রংপুর বিভাগের আট জেলার নেতাকর্মীরা বাস, মিনি ট্রাক, মাইক্রোবাসে করে আসছিলেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের দিকে বিএনপি নেতাকর্মীদের বহন করা আটটি বাস আসার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। উভয় পক্ষের সদস্যরা লাঠিসোটা এবং অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, জানালার কাচ এবং চারটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন। এর মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বাসে করে আসার সময় বিএনপি নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থামিয়ে ভেতরে প্রবেশ করে হামলা চালান। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা সংগঠিত হয়ে তাদের বহনকারী বাসগুলো আটক করেন। এ সময় আবারও বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালালে জান-মাল রক্ষার্থে তারাও পাল্টা আক্রমণ করেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শাহ আলম জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের ৮ থেকে ১০ জন আহত হন। বিএনপি নেতাকর্মীরা আবাসিক ভবনের জানালার কাজ ভাঙচুর করেছে। ভেটেরিনারি হাসপাতালের সামনের মূল ফটক ভাঙচুর করে। অতর্কিতভাবে বিএনপি নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করে এই হামলা চালায় বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ জানান, বিএনপি নেতাকর্মীরাই আগে ক্যাম্পাসে হামলা করেছেন। পরে ছাত্রলীগ সংগঠিত হয়ে তাদের প্রতিহত করে। আমরা ছাত্রদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়েছি।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, উভয় পক্ষকে শান্ত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের সামনে ডিবি পুলিশ ও কোতোয়ালি পুলিশ সমন্বিতভাবে কাজ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত