ঢাকা আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘বার্বি’ তারকা

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৯:৫৯ পিএম

ওয়ার্নার ব্রাদার্সের বার্বি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল, অভিনেতা রমজান মিয়া। সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে ঢাকায় আসছেন তিনি। ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ২০ জুলাই সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় প্রিমিয়ার শোতে উপস্থিত থাকবেন রমজান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স দাবি করছে, বাংলাদেশের ইতিহাসে কোনো হলিউড সিনেমার প্রিমিয়ারে অভিনয়শিল্পীর উপস্থিত থাকার ঘটনা এবারই প্রথম। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানকে উদ্ধৃত করে বলা হয়, ‘বার্বির মতো আলোচিত ছবিতে বাংলাদেশের একজন অভিনয় করেছেন, এটা নিঃসন্দেহে গর্বের বিষয়। সিনেমার প্রিমিয়ারে তাকে নিয়ে সবার সামনে আসছি।’ বিশ্বজুড়ে জনপ্রিয় পুতুল চরিত্র বার্বিকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিংকে দেখা যাবে। সিনেমায় ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে দেখা যাবে রমজান মিয়াকে। রমজানের মা-বাবা বাংলাদেশি, তার জন্ম যুক্তরাজ্যে। তিনি সংগীত ও নৃত্যে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে অভিনয়ে নাম লেখান। গোস্ট স্টোরিজ, এনোলা হোমস-২সহ হলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন ২৯ বছর বয়সী এই অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত