ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আবু হানিফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষ হয়। এতে আরও চারজন আহত হন। নিহত হানিফ মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মালেক জানান, শুক্রবার বিকেলে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যবসায়ীদের প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে দর্শক সারিতে বসে থাকা ব্যক্তিরাও বাদানুবাদে জড়িয়ে পড়েন। লাঠিসোঁটা, ইটপাটকেল ও লোহার রড নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে আবু হানিফসহ পাঁচজনকে আহত অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হানিফ মারা যান।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রমিজ উদ্দীন জানান, নিহত হানিফের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি জানান, সন্ধ্যার পর পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে নিয়ে গেছে।
মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন জানান, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
