ব্যাংকিং ডিপ্লোমা ছাড়াই একধাপ পদোন্নতি

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:০৮ এএম

কর্মকর্তা পদোন্নতি নীতিমালায় ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (পূর্বতন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা) পাস বাধ্যতামূলক হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত (প্রজ্ঞাপন জারির অব্যবহিত পূর্বে) কর্মকর্তাদের ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিআরপিডি থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক আয়োজিত ব্যাংকিং ডিপ্লোমা (পরিবর্তিত নাম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম) পাস বাধ্যতামূলক করা হয়।

গতকাল জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে ব্যাংকিং প্রফেশনাল এক্সামের পাঠ্যক্রম আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বিস্তৃত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করা হয়েছে। ব্যাংকারদের এ পরিবর্তিত পাঠ্যক্রম সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট সময়কালের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের নতুন নির্দেশনা মানতে হবে।

ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করে জারিকৃত প্রজ্ঞাপনের আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত হবেন। তবে, কর্মকর্তাদের তৎপরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনা অবশ্যই পরিপালিত হতে হবে।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে অথবা উচ্চতর পদে কর্মরত কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। আগের প্রজ্ঞাপনের আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন, তার পরবর্তী এক ধাপে অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত হবেন। ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এ-সংক্রান্ত নীতিমালা অনুসরণীয় হবে।

আগের প্রজ্ঞাপন অনুসারে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এমন কোনো বিভাগে পলায়নের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। এ ছাড় অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত