বিএনএমের নিবন্ধন না দিতে ইসিতে অভিযোগ

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:১৮ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনে (ইসি) জনস্বার্থে অভিযোগ জমা দিয়েছেন ‘আমার বাংলাদেশ পার্টির’ (এবি) সহযোগী সংগঠন যুব পার্টির আহ্বায়ক আইনজীবী আবু নাসের খান। তিনি দাবি করে বলেন, নিয়ম অনুযায়ী দলটির রাজনৈতিক কর্মকা- নিয়ে ইসিতে দেওয়া ১০০ উপজেলার মধ্যে ২০ উপজেলার সঠিক তথ্য পাওয়া যায়নি।’

গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম বরাবর লিখিত এ অভিযোগ জমা দেন আইনজীবী আবু নাসের খান। এর আগে নিবন্ধন পেতে যাওয়া আরেক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভা-ারীর বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ জমা দেন তার আপন ছোট ভাই সৈয়দ শহিদ উদ্দীন আহমদ।

এবি পার্টির সহযোগী সংগঠন যুব পার্টির আহ্বায়ক আইনজীবী আবু নাসের খান তার লিখিত অভিযোগে জানান, মাঠপর্যায়ের যাচাই-বাছাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলটির ৮০টি উপজেলার তথ্য সম্পূর্ণ ঠিক হলেও ২০টি উপজেলা/থানার সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে মাত্র দুটি উপজেলা (রাজশাহী জেলার বাগমারা ও পুঠিয়া) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন ইসি। বাকি ১৮টি উপজেলায় ‘বিএনএমে’র সম্পূর্ণ সঠিক তথ্য যাচাই-বাছাই না করেই এই দলটিকে ‘সব শর্ত পূরণ করেছে’ মর্মে নিবন্ধনের জন্য বাছাই করা হয়েছে।

দলটিকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমি মনে করি এ ভুলের জন্য ভবিষ্যতে কমিশনকে মারাত্মক আইনি চ্যালেঞ্জ এমনকি বিচারের মুখোমুখি হওয়া লাগতে পারে। বিভ্রান্তিকর পন্থার একটি দলকে নিবন্ধন দেওয়া সংবিধান ও আইনের লঙ্ঘন।

ইসির নিবন্ধন পেতে ৯৩টি রাজনৈতিক দল আবেদন করলেও তিন দফা যাচাই-বাছাই শেষে গত ১১ এপ্রিল প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২টি দলের তালিকা প্রকাশ করেছিল আউয়াল কমিশন। এরপর গত সপ্তাহে এক ডজন দল থেকে মাত্র দুটি দলের নাম প্রকাশ করে আউয়াল কমিশন। ২৬ জুলাইয়ের মধ্যে কারও দাবি আপত্তি থাকলে তা জমা দেওয়ার নির্দেশ দেয় সাংবিধানিক এ সংস্থা। দাবি আপত্তি শেষে এ দুই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তবে এর মধ্যেই দুটি দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত