ছেলেদের বিশ্বকাপ ফুটবলে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও নারী বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স একেবারেই নাজুক। যে চিত্রটা এবারের আসরের শুরুতেও একই থাকল। ইতালির বিপক্ষে হার দিয়ে মিশন শুরু হলো লিওনেল মেসির দেশের মেয়েদের।
অকল্যান্ডের ইডেন পার্কে সোমবার ‘জি’ গ্রুপের ম্যাচটিতে ০-১ গোলে হেরেছে আর্জেন্টিনা।
এর আগে এই টুর্নামেন্টের তিনটি আসরে খেললেও কোনো ম্যাচ জিততে পারেনি দলটি। এবারও সেই একই ধারা বজায় থাকল শুরুতে।
এদিন অবশ্য ৮৬ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। ৮৭তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন ক্রিস্টিয়ানা গিরেলি। বদলি নামা এই স্ট্রাইকার হেডে বল জালে জড়ান।
আসরে দুই দলেরই এটি ছিল প্রথম ম্যাচ।
ম্যাচের একমাত্র গোলদাতা ক্রিস্টিয়ানা গিরেলি।
আর্জেন্টিনার মতো ছেলেদের ফুটবলে চারবারের চ্যাম্পিয়ন ইতালির নারী বিশ্বকাপ রেকর্ডও তেমন সমৃদ্ধ নয়। ইতালিরও এটি চতুর্থ বিশ্বকাপ। তবে ১৯৯১ ও ২০১৯ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা। যা তাদের সেরা সাফল্য।
এ ম্যাচ দিয়ে ইতালির হয়ে বিশ্বকাপ অভিষেক হয়েছে গিউলিয়া ড্রাগোনির। ১৬ বছর বয়সী এই মিডফিল্ডার পরিচিত ‘লিটল মেসি’ নামে। বিশ্বকাপে তার যাত্রা শুরু হলো সেই মেসির দেশের বিপক্ষেই।
ইতালির সর্বকনিষ্ঠ ও সব মিলিয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে অভিষেক হয়েছে ড্রাগোনির।
আগামী শুক্রবার আর্জেন্টিনা তাদের পরের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরদিন ইতালি খেলবে সুইডেনের বিপক্ষে।
