যৌন হয়রানি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে আলোচিত চিত্রনায়িকা পরীমণির করা মামলার বিচারকাজ ক্যামেরা ট্রায়ালে (রুদ্ধদ্বার এজলাস) হবে বলে আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকা এ আদেশ দেন। গতকাল এ আদালতে সাক্ষ্য দিতে যান পরীমণি। এ সময় আদালতে আইনজীবী, সাংবাদিক, পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন। ঘটনার রাতে বোট ক্লাবে কী ঘটেছিল তার বিস্তারিত তুলে ধরতে ইতস্ততা বোধ করছিলেন পরীমণি। একপর্যায়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন।
তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদ উদ্দিন ঢালী বলেন, পরীমণি লজ্জায় অনেক কথা বলতে পারছেন না। এসব কথা বলাও যায় না। তখন বিচারক বলেন, ‘আপনারা তাহলে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে করার আবেদন করেন। যথাযথ ব্যবস্থা নেব।’ এরপর বিচারক পরীমণির কাছে জানতে চান, ‘আপনি কি সাক্ষ্য দেওয়ার জন্য ফিট আছেন?’ পরীমণি তখন বলেন, ‘আজকে ফিট না। প্রিপারেট হয়ে আসিনি। আর সবার সামনে এসব কথা বলতে চাচ্ছি না।’ এরপর আদালত আগামী ১৩ সেপ্টেম্বর তার অবশিষ্ট সাক্ষ্যের তারিখ ধার্য করেন।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদ উদ্দিন ঢালী সাংবাদিকদের বলেন, ‘আজকেই (গতকাল) মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে পরিচালনার আবেদন করব। আশা করছি, আগামী ধার্য তারিখ থেকে মামলাটির বিচার ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হবে।’
