বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে গতকাল সোমবার ঢাকায় এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। এ সফরে তিনি মানবাধিকারসহ নানা বিষয়ে আলোচনা করবেন। সরকারের সিনিয়র মন্ত্রী, কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন গিলমোর। ঢাকার ইইউ মিশন গিলমোরের ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছে।
গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমোন গিলমোরকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ও অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।
আয়ারল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী ইমোন গিলমোর বাংলাদেশ সফরের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক করবেন না বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
সূত্র বলছে, সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর। এসব আলোচনায় রাজনীতি ও নির্বাচনের প্রসঙ্গ আসতে পারে। এ ছাড়া তিনি সুশাসন পরিস্থিতি, নাগরিক অধিকারের চর্চা এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন। তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন ২৭ জুলাই।
খসড়া সূচি অনুযায়ী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ইমোন গিলমোর। এ ছাড়া তিনি নাগরিক সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে চার বছরের মধ্যে এটি ইমোন গিলমোরের দ্বিতীয় বাংলাদেশ সফর। তিনি ২০১৯ সালের জুনে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন। ওই সফর শেষে দেওয়া বিবৃতিতে ইমোন গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের তাগিদ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শ্রম অধিকারসহ মানবাধিকার হচ্ছে বাংলাদেশ-ইইউ সম্পর্ক এবং অস্ত্র ছাড়া সবকিছু বাণিজ্য কর্মসূচির গুরুত্বপূর্ণ উপাদান।
কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। এ সফরে দুপক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত মে মাসের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলস সফরে ইইউর চারজন কমিশনারসহ ইউরোপের এ জোটটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। ওই সফরে গত ২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাসেলসে ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গেও বৈঠক করেন। ওই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
