আর্থিক লেনদেনে উদ্ভাবনী আইডিয়ার জন্য তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে ফিনল্যাব বিডি। এটুআই, জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (ইউএনসিডিএফ) এবং মাইক্রোসেভ কনসালটিংয়ের (এমএসসি) যৌথ উদ্যোগ হলো ফিনল্যাব বিডি। পুরস্কার পাওয়া এই তিন উদ্ভাবক হলোÑ ডানা ফিনটেক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও আপন ওয়েলবিয়িং। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আইডিয়াগুলো পরীক্ষণ ও বাস্তবায়ন করা হবে।
গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের ‘উইমেনস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চ্যালেঞ্জ ২০২২’ ও ‘সিএমএসএমই ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তির জন্য দেশের ইকোসিস্টেমের সঙ্গে উদ্ভাবনের সম্পর্ক তৈরি করতে হবে। যদি আমরা পেমেন্ট সিস্টেমকে ক্যাশলেস করতে পারি তাহলে নাগরিক সেবাগুলো আরও প্রান্তিক পর্যায়ে নেওয়া ও আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা সম্ভব হবে।’
ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরএফ হুসেইন বলেন, ‘এটুআইয়ের এ ধরনের আয়োজন উদ্ভাবকদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া আসবে। এর মধ্য দিয়ে দেশের পিছিয়ে থাকা মানুষরা আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসবেন। প্রযুক্তির সহযোগিতায় অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস সমাজ গঠন সম্ভব হবে।’
