নিবন্ধনে ইসিকে সাত দিনের আলটিমেটাম

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:২৩ এএম

গণ অধিকার পরিষদের  নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সাত দিন সময় বেঁধে দিয়েছে গণ অধিকার পরিষদ (একাংশ)। এই সময়ের মধ্যে দাবি না মানলে সরাসরি কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে তারা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পল্টনের প্রীতম-জামান টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। গুলিস্তান জিরো পয়েন্ট-কদমফোয়ারা-মৎস্য ভবন ও শাহবাগ হয়ে মিছিলটি পৌনে ২টায় বাংলামোটরে পৌঁছার পর পুলিশের বাধায় পড়ে।

পরে পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন মিছিলকারীরা। এ সময় তারা সড়কে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। পরে বাংলামোটরে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল নিজেদের দাবি জানাতে ইসিতে যান। দাবিসংবলিত আবেদনটি ইসির জনসংযোগ পরিচালকের কাছে দেওয়া হয় বলে জানান তারা।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান লিখিত প্রতিবাদলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘আমাদের দাবি না মানলে এবার আর দলীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করব না। সরাসরি ইসিতে এসে ঘেরাও করব।’ শুধু তার দল নয়, তালিকায় থাকা সক্রিয় কার্যকর দলগুলোকে নিবন্ধন দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্বিবেচনার জন্য আবেদন করতে বলেছে জানিয়ে তিনি বলেন, ‘সেই জায়গা থেকে আমরা আবেদন জানিয়ে সাত দিনের আলটিমেটাম দিয়েছি।’

এর আগে দলটির সভাপতি নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, এক দফা দাবি নিয়ে সরকারের পদত্যাগের আন্দোলনসহ দলের নিবন্ধনের আন্দোলনে যেই বাধা হয়ে সামনে দাঁড়াবে, তাকে ফুটবলের মতো লাথি মারবেন।

আজকের (গতকাল) নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে যাত্রা তো ট্রেলার মাত্র। এরপর যাই হবে সেটাই হবে ফাইনাল খেলা। সরকার, পুলিশ ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আমাদের নিবন্ধন দিতে তাদের (সরকার) এত ভয় কেন বোঝেন না? আমরা এখনো রাজপথে আছি ।

কম চেষ্টা করে নাই সরিয়ে ফেলতে আমাদের। জনগণের অংশগ্রহণে আমাদের লড়াই চলছে। দেশে আওয়ামী লীগ, বিএনপির পর আমরাই মাঠে আছি। তাই যতই ভয় দেখাক, নির্বাচন কমিশনকে বলব, আর বিলম্ব করবেন না, আমাদের ন্যায্য পাওনা নিবন্ধন দিয়ে দিন। বারবার বাধা দিয়ে আটকাতে পারবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত