শাহরুখের সঙ্গী এক হাজার নারী শিল্পী!

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম

প্রথমবার ভারতের দক্ষিণী নির্মাতার নির্দেশনায় কাজ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ফলে ‘জাওয়ান’ ছবিটি নিয়ে আগ্রহের পারদ আগে থেকেই চড়া। কিছুদিন আগে প্রকাশ হওয়া প্রিভিউ তথা ট্রেলারে সেই আগ্রহের মাত্রা দিগন্ত ছাড়িয়েছে। এর মধ্যেই চমকপ্রদ এক খবর সামনে এলো। ‘জাওয়ান’ সিনেমায় একটি গান রয়েছে, যেটা বিশাল পরিসরে বানানো হয়েছে। আর ছবির প্রথম চমক হিসেবে সেই গানই প্রকাশ্যে আনা হবে শিগগির। গানটির নাম ‘জিন্দা বান্দা’। গানটিতে শাহরুখের সঙ্গে নেচেছেন ১ হাজারের বেশি নারী নৃত্যশিল্পী। গানের পেছনেই ব্যয় করা হয়েছে ১৫ কোটি রুপি! চেন্নাইতে পাঁচ দিন সময় নিয়ে এর শুটিং করা হয়েছে। দর্শকের উদযাপনের কথা মাথায় রেখেই এমন এলাহি কান্ড করেছেন নির্মাতা-শিল্পীরা। অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ ছবিতে আরও আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভারসহ অনেকে। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একযোগে মুক্তি পাবে ছবিটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত