ঝালকাঠির সড়কে ১৭ মৃত্যু

ভারী যান চালানোর লাইসেন্স ছিল না সেই চালকের

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:১১ এএম

ঝালকাঠিতে কয়েক দিন আগে যে বাসটি পুকুরে পড়ে ১৭ যাত্রী নিহত হন, সেটির চালকের ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না। এ ছাড়া বাশার-স্মৃতি পরিবহন নামে বাসটির ফিটনেস সার্টিফিকেট থাকলেও প্রকৃতপক্ষে গাড়িটির ফিটনেস ভালো ছিল না এবং গতি দেখার মিটার ছিল নষ্ট। বাসটির চালক মোহন খানকে (৪০) গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র‍্যাব। গতকাল বুধবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব বলছে, ঘটনার দিন বরিশাল আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাশার-স্মৃতি পরিবহন নামে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ওই বাসে যাত্রী ধারণ ক্ষমতা ছিল ৪৫ জন। কিন্তু দুর্ঘটনায় পড়ার সময় বাসটিতে শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ছাড়া বাসটির চালক মোহন খানের হালকা যানের ড্রাইভিং লাইসেন্স থাকলেও বাসের মতো ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের বিশেষায়িত এই ইউনিটটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। এর আগে ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে বাসটির চালক মোহন খানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মোহন তিন বছর ধরে বিভিন্ন ধরনের গাড়ি চালাচ্ছিল। বাশার-স্মৃতি পরিবহনের বাসটির ফিটনেস সার্টিফিকেট থাকলেও গাড়ির ফিটনেস ভালো ছিল না এবং গতি দেখার মিটার ছিল নষ্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত